মুহূর্তে তাপের খবর বলে যে যন্ত্র

থার্মোমিটারের সঙ্গে পরিচয় নেই, এমন মানুষ নেই বললেই চলে। অসুস্থতা বোধ করলে প্রথম যে জিনিসটির খোঁজ পড়ে, তা হলো ডাক্তারি থার্মোমিটার। আধুনিক সভ্যতা থেকে অনেক দূরে সেই আমাজনের গহিন বনে বসবাসকারীরাও এ ক্ষুদ্র যন্ত্রটির সঙ্গে পরিচিত। বলা চলে, প্রায় ঘরে ঘরে এটির দেখা পাওয়া যায়। কৃত্রিম বুদ্ধিমত্তা ও উচ্চ প্রযুক্তির কল্যাণে চিকিৎসাশাস্ত্রে প্রতিনিয়ত যুক্ত হচ্ছে নানা রকম অত্যন্ত উন্নত মানের যন্ত্রপাতি। তারপরও মানবদেহের তাপমাত্রা নির্ণয় করার থার্মোমিটার আজও বহুল ব্যবহৃত ও জনপ্রিয়। পৃথিবীব্যাপী অতিক্ষুদ্র এবং অতি ভয়াবহ করোনাভাইরাস তাণ্ডব চালাতে শুরু করলে যত্রতত্র থার্মোমিটারের ব্যবহার বেড়ে গেছে। তবে আজকালকার ক্লিনিক্যাল থার্মোমিটারের চেহারা সব সময় এমন ছিল না।

ইতিহাস 
জানা যায়, ৩৭০ খ্রিষ্টপূর্বের দিকে, সেই হিপোক্রেটিসের সময় থেকে শরীরে ব্যাধি বাসা বেঁধেছে কি না, তা নির্ণয় করতে গিয়ে চিকিৎসকেরা তাঁদের হাত স্পর্শ করে শরীরের তাপমাত্রা বোঝার চেষ্টা করতেন। অর্থাৎ প্রথম শরীরের তাপমাত্রা বোঝার বা মাপার যন্ত্র বলে কিছু ছিল না, ছিল হাত।

এরপর যাঁর নাম করা যায়, তিনি হলেন ইতালির গ্যালিলিও গ্যালিলি। তিনি ১৫৯৩ সালে তাপমাত্রা পরিমাপ করার জন্য থার্মোস্কোপ নামের একটি যন্ত্র উদ্ভাবন করেছিলেন। এ যন্ত্রে কোনো স্কেল ছিল না। শুধু উষ্ণতা বাড়ছে না কমছে, সেটুকু বুঝে নিয়ে সন্তুষ্ট থাকতে হতো। তবে তাঁর উদ্ভাবিত থার্মোস্কোপের পথ ধরেই বর্তমান ধারার থার্মোমিটারের আবির্ভাব ঘটেছে।

ইতালিয়ান বিজ্ঞানী চিকিৎসক সান্তোরিও সান্তোরিও ১৬১২ সালে প্রথম থার্মোমিটার উদ্ভাবন করেন এবং ক্রিশ্চিয়ান হিউজেনস তাতে স্কেল জুড়ে দেন। এ ছাড়া তিনি পানির হিমাঙ্ক ও স্ফুটনাঙ্ক নির্ণয় করেছিলেন।

তবে ১৭১৪ সালে আধুনিক থার্মোমিটার উদ্ভাবনের কৃতিত্ব নিয়েছেন জার্মান চিকিৎসক ডেনিয়েল গ্যাব্রিয়েল ফারেনহাইট। তিনিই প্রথম থার্মোমিটারে পারদ ব্যবহার করেছিলেন। তিনি দেখেছিলেন, তাপমাত্রার তারতম্যের কারণে পারদ অন্যান্য তরলের তুলনায় অনেক দ্রুত প্রসারিত ও সংকুচিত হয়। তিনি ১৭২৪ সালে নিজের নামানুসারে ‘ফারেনহাইট স্কেল’-এর প্রবর্তন করেন। মানবদেহের তাপমাত্রার ওপর ভিত্তি করে তাঁর স্কেল ছিল ১০০ ডিগ্রি পর্যন্ত দাগ কাটা। পরে কমিয়ে এনে ৯৮.৬ ডিগ্রি ফারেনহাইট করা হয়। সুইডিশ জ্যোতির্বিজ্ঞানী অ্যান্ডারস সেলসিয়াস ১৭৪২ সালে সেন্টিগ্রেড স্কেলটি পুনঃ প্রবর্তন করেছিলেন, তবে উনিশ শতকের পরেই চিকিৎসকেরা এটি বেশি ব্যবহার করতে পছন্দ করতেন।