ওয়ার্ল্ডস ইউনিভার্সিটিজ উইথ রিয়েল ইমপ্যাক্ট (ডব্লিউইউআরআই) র্যাঙ্কিংয়ে বিশ্বের শীর্ষ ৫০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) সম্প্রতি জায়গা করে নেয়। উদ্ভাবনী ও সৃজনশীলতার জন্য ইউল্যাবের এই অর্জন শুধু ইউল্যাবের জন্য সুনাম বয়ে আনেনি, সুনাম বয়ে এনেছে দেশের জন্য। এই আনন্দ ভাগাভাগি করতে ইউল্যাব আয়োজন করে অন্য রকম আনন্দোৎসব।
১৫ জুলাই সন্ধ্যা সাতটায় ডিজিটাল প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে ইউল্যাব ‘সৃজনশীলতায় বিশ্ব র্যাঙ্কিংয়ে শীর্ষ ৫০-এ স্থান পাওয়ায় ইউল্যাবের আনন্দ আয়োজন’ শীর্ষক এক অনুষ্ঠান আয়োজন করে। এই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন।
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘মুজিব বর্ষের প্রাক্কালে আমাদের উচ্চশিক্ষা খাতে একটি নতুন উপহার জাতির জন্য হয়েছে। আন্তর্জাতিক একটি স্বীকৃতি আমাদের দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় মুজিব বর্ষে পেয়েছে। এটা সকলের জন্য গর্বের বিষয়। শিক্ষা পরিবারের জন্য গর্বের বিষয়, বাংলাদেশের মানুষের জন্য গর্বের বিষয়।’






