বাংলাদেশ হাই কমিশন লন্ডনের উদ্যোগে এবং বাংলাদেশ সরকারের নির্দেশনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর একটি বিশেষ ফ্লাইট (বিজি ৪১০৬) যুক্তরাজ্যে আটকেপড়া ১৫৩ জন বাংলাদেশি যাত্রী নিয়ে আজ স্থানীয় সময় সকাল সাড়ে ১০ টায় লন্ডন হিথ্রো এয়ারপোর্ট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। বিমানটি বাংলাদেশ সময় আজ শনিবার দিবাগত রাত ০০:৩০ মিনিটে হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছবে।
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদ মুনা তাসনীম হিথ্রো এয়ারপোর্টে বাংলাদেশে প্রত্যাবর্তনকারী যাত্রীদের বিদায় জানান। এই বিশেষ বিমানের ব্যবস্থা করায় হাইকমিশনার প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী করোনা ভাইরাসের কারণে বিভিন্ন দেশে আটকেপড়া বাংলাদেশিদের দেশে নিরাপদে ফিরিয়ে নিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য দূতাবাসগুলোকে বিশেষ নির্দেশনা দিয়েছেন। সে অনুযায়ী বাংলাদেশ হাই কমিশন, লন্ডন দু’টি প্রত্যাবসন ফ্লাইটের মাধ্যমে যুক্তরাজ্যে আটকেপড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে নেয়ার ব্যবস্থা করেছে।”






