ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার পরবর্তী নমুনার ফল নেগেটিভ আসার পর এক ব্যবসায়ীয় মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ১২টার দিকে নিজ বাড়িতে তিনি মারা যান। আজ বৃহস্পতিবার সকালে সরকারি নির্দেশনা মেনে তাঁর লাশ স্থানীয় শ্মশানে সৎকার করা হয়।
পরিবার সূত্রে জানা গেছে, গত ১৭ মে তিনি উপজেলার মোগড়া বাজারে ৩৫০ জন দরিদ্র মানুষের মধ্যে ব্যক্তিগত অর্থে ত্রাণ বিতরণ করেন। এর দুই দিন পর হঠাৎ হৃদ্রোগে আক্রান্ত হন। তাকে ঢাকার ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা নেওয়ার পর শরীরে জ্বর আসে। হাসপাতাল কর্তৃপক্ষ করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে। ২৪ মে ওই নমুনা পরীক্ষার ফল ‘পজিটিভ’ আসে।
ওই ব্যবসায়ীর ছেলে প্রথম আলোকে জানান, করোনা শনাক্ত হওয়ায় বাবাকে ল্যাব এইড হাসপাতালের আইসোলেশনে কয়েক দিন রাখা হয়। সেখান থেকে ছাড়পত্র পেয়ে গত ২৮ মে আখাউড়ায় বাড়িতে নিয়ে এসে আইসোলেশনে রাখা হয়। গত ৫ জুন বিষয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে অবগত করে নতুন করে করোনা পরীক্ষার জন্য নমুনা দেওয়া হয়। সে সময় বাড়ির অন্যদেরও নমুনা দেওয়া হয়। বাবাসহ বাড়ির সবার নমুনা পরীক্ষার প্রতিবেদন ‘নেগেটিভ’ আসে।
আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক কর্মকর্তা শ্যামল চন্দ্র ভৌমিক বলেন, নমুনা নেওয়ার পর এই ব্যক্তিকে তাঁরা হোম আইসোলেশনে থাকতে বলেছিলেন। গত মঙ্গলবার তাঁর দ্বিতীয় দফা নমুনার ফল নেগেটিভ আসে। এ অবস্থায় নিজ বাড়িতে তিনি মারা গেছেন।
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, স্বাস্থ্যবিধি মেনে তাপস সাহার লাশের সৎকার করা হয়েছে। যাঁরা সৎকারে অংশ নিয়েছেন তাঁদের কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছ।






