বেসিসের সফটওয়্যার মেলা

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) আয়োজনে রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে বেসিস সফটএক্সপো ২০২০। বেলা সাড়ে তিনটায় বেসিসের ১৬তম এই সফটওয়্যার মেলা উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ সময় শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলমের উপস্থিত থাকার কথা রয়েছে।

বেসিস সফটএক্সপো ২০২০-এর আহ্বায়ক মুশফিকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ এখন স্বপ্ন নয়, বাস্তব। তথ্যপ্রযুক্তি খাতের উদ্ভাবন তুলে ধরার জন্য এবারের মেলায় ৩০০ প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। আমরা আশা করছি চার দিনব্যাপী মেলায় সাড়ে তিন লাখ দর্শনার্থীর সমাগম হবে।’

আজ বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত আইসিসিবির হল ১-এ গোলটেবিল আলোচনা রয়েছে। বিষয় ‘ডিজিটাল রাজস্ব আদায়করণ সেবা প্রণয়ন’।