সুমন ও সোমার (ছদ্মনাম) আট মাসের সংসার হাসি–গানে ভরপুর, ঠিক যেমন স্বপ্ন ছিল তাঁদের চোখে। হঠাৎ করেই যেন সবকিছু মলিন হয়ে গেছে, খুব চুপচাপ হয়ে গেছেন সুমন। আগের মতো কোনো কিছুই তাঁর ভালো লাগে না। ছুটির দিনে ঘুরতে যাওয়া, মাঝেমধ্যে বাইরে খেতে যাওয়া হয় না তাঁদের। এমনকি হাসতেও যেন ভুলে গেছেন। অনেক চেষ্টা করে, অনেক প্রশ্ন করে সোমা জানতে পেরেছেন, বেশ কিছুদিন ধরে সুমনের অফিসে ঝামেলা চলছে, তাঁর এখন কিছুই ভালো লাগে না। রাতে সুমনের ভালো ঘুম হয় না, ওজন কমে গেছে এবং খাবারের প্রতিও তেমন আগ্রহ নেই তাঁর। সোমা বুঝতে পারলেন, বিষণ্নতার মধ্য দিয়ে যাচ্ছেন সুমন। কিন্তু এ অবস্থায় সুমনকে কীভাবে সহায়তা করবেন, তা নিয়ে বেশ চিন্তিত সোমা।
অনেক সময় এমন বিষণ্নতা বা হতাশার ভেতর দিয়ে যান সঙ্গী বা সঙ্গিনী। এ সময় অপর সঙ্গীর সহযোগিতা তাঁর সবচেয়ে বেশি প্রয়োজন। কয়েকটি বিষয়ের প্রতি খেয়াল রেখে তাঁকে সাহায্য করা যায়, যাতে তিনি বিষণ্নতা কাটিয়ে উঠতে পারেন।
- বিষণ্নতার অন্যতম উপসর্গ সবার কাছ থেকে নিজেকে গুটিয়ে ফেলা। তাই এ সময় তাঁকে নিয়ে তাঁর বন্ধুদের সঙ্গে দেখা করতে যেতে পারেন। বন্ধুদের সঙ্গে অতীতে ঘটে যাওয়া মজার ঘটনা নিয়ে গল্প করতে পারেন। এতে তাঁর একাকিত্ব কিছুটা হলেও কমবে।
- অনেক সময় প্রিয়জনকে বারবার ‘কী হয়েছে, কী হয়েছে’ প্রশ্ন করেন অনেকে। এতে তিনি বিরক্ত হতে পারেন। তাই বেশি প্রশ্ন না করে এ সময় তাঁর পাশে থাকুন, সময় দিন।
- নিত্যদিনের কাজগুলো ঠিকভাবে করতে না পারা বিষণ্নতার একটি লক্ষণ। তাই এসব নিয়ে প্রতিক্রিয়া না দেখিয়ে তাঁর সঙ্গে কিছু দায়িত্ব ভাগ করে নিন। এতে তাঁকে কিছু সহায়তা করা হবে এবং কাজের প্রতি তাঁর আগ্রহ বাড়বে।
- বিষণ্নতার কারণে অনেক সময় স্বামী বা স্ত্রী শারীরিক সম্পর্কে আগ্রহ হারিয়ে ফেলেন, তাই এ সময় জোর না করে তাঁকে তাঁর মতো সময় কাটাতে দিন। তাঁর সঙ্গে তাঁর পছন্দের কাজগুলো, যেমন বই পড়া, গান শোনা, সিনেমা দেখতে যেতে পারেন।
- ছোট ছোট বিষয়ে অনেক সময় সিদ্ধান্ত দিয়ে ফেলি। এতে আপনার সঙ্গী আপনার সঙ্গে গল্প করার আগ্রহ হারিয়ে ফেলেন। তাই এ সময় আপনি তাঁর কথা মনোযোগ দিয়ে শুনুন, যদি মতামত দিতে হয়, তবে তা নিরপেক্ষভাবে প্রকাশ করুন। আপনার মত তাঁর ওপর চাপিয়ে দেবেন না।
- খাবারের প্রতি অনীহা বিষণ্নতার আরেকটি উপসর্গ। তাই এ সময় আপনার সঙ্গীর খাবারের প্রতি মনোযোগ দিতে পারেন। তাঁর সঙ্গে পরিকল্পনা করুন কী রান্না করা যেতে পারে। তাঁকে সঙ্গে নিয়ে ঘুরে ঘুরে বাজার করুন।
- মাঝেমধ্যে দেখা যায়, কোনো বিষয় পুরোটা না শুনে নিজেদের মতো একটা মন্তব্য করেন অনেকে। এতে প্রিয় মানুষ তাঁর মনের কথা বলার আগ্রহ হারিয়ে ফেলেন। তাই তাঁর কথা মন দিয়ে শুনুন, তাঁকে বোঝার চেষ্টা করুন।
- দুজন মিলে হাঁটতে বের হতে পারেন, আবার একসঙ্গে যোগব্যায়াম করতে পারেন। এতে শরীরিক সুস্থতার পাশাপাশি মন ভালো থাকবে।
- অনেকে সঙ্গীকে মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যাওয়ার প্রতি অনীহা দেখান। এতে করে তাঁর বিষণ্নতা কমে না, বরং বাড়তেই থাকে। তাই দরকার হলে তাঁকে মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যেতে পারেন এবং তাঁর প্রতি আপনার ইতিবাচক মনোভাব দেখান।






