১৭৫ কেজি ওজনের ওনিয়ন ভাজি রান্না করে বাংলাদেশী অলি খানের বিশ্ব রেকর্ড

রেস্টুরেন্টগুলোর জনপ্রিয় ডিশগুলির অন্যতম হচ্ছে ওনিয়ন ভাজি। ওনিয়ন ভাজি সাধারণত ১০০ গ্রামের মধ্যেই রান্না করা হয়ে থাকলেও ১৭৫ কেজি ওজনের ওনিয়ন ভাজি করে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড করেছেন ব্রিটিশ বাংলাদেশী সেলিব্রেটি শেফ অলি খান। ৪ ফেব্রুয়ারী মঙ্গলবার লন্ডন মুসলিম সেন্টারের গ্রাউন্ড ফোর-সংলগ্ন কিচেনে ২৫ জন দক্ষ রন্ধনশিল্পীর সহযোগিতায় দীর্ঘ ৮ ঘণ্টার প্রচেষ্টায় তিনি ওনিয়ন ভাজিটি তৈরি করে বিশ্বে রেকর্ড সৃষ্টি করেন । এর আগের রেকর্ড ছিলো ২০১১ সালের ১০২ কেজি ওজনের।

২০১১ সালে কলিন বার্ট নামের জনৈক ব্যক্তি, ব্রার্ডফোর্ড কলেজের ছাত্ররা এবং প্রাসাধ রেস্টুরেন্টের কর্মীদের যৌথ প্রচেস্টায় ১০২ কেজি ওজনের ওনিয়ন ভাজী করে বিশ্ব রেকর্ড করেছিলেন। আর এবার ১৭৫ কেজি ওজনের ওনিয়ন ভাজি করে সেই রেকর্ড ভাঙ্গলেন সেলিব্রেটি শেফ অলি খান। এসময় উপস্থিত ছিলেন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড এর কর্মকর্তারা।