ইরান আসলে কত শক্তিশালী?

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার দ্বৈরথ চলছে। যুক্তরাষ্ট্র ড্রোন হামলায় কাশেম সোলাইমানিকে হত্যার পর দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। এ ঘটনার প্রতিশোধ নেওয়ারও ঘোষণা দিয়েছিল ইরান। এরই মধ্যে ইরাকে মার্কিন বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দেখা দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধের আশঙ্কা। কিন্তু আদৌ কি এমন যুদ্ধ চালানোর মতো সক্ষমতা ইরানের আছে?

গ্লোবাল ফায়ারপাওয়ার ইনডেক্সের ২০১৯ সালের হিসাব অনুযায়ী, বিশ্বে সামরিক অস্ত্রের সক্ষমতার দিক থেকে ইরান আছে ১৪ নম্বরে। দেশটির পেছনে আছে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইসরায়েল (১৮) ও সৌদি আরব (২৫)। সূচকের শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। আর দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে রাশিয়া ও চীন।

বিশ্লেষকেরা বলছেন, ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর থেকে পশ্চিমা বিশ্বের কাছ থেকে অস্ত্র ও সামরিক প্রযুক্তি কেনার পথ খানিকটা বন্ধুর হয়ে যায় ইরানের। আর ২০১০ সালে আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় পড়ার পর থেকে তা পুরোপুরি বন্ধ হয়ে যায়। এ সময় থেকেই ইরান নিজেরাই নানা ধরনের অস্ত্র, অস্ত্রের উপকরণ তৈরি ও এ–সংক্রান্ত প্রযুক্তি উদ্ভাবনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ক্ষেত্রে ইরান বেশ সফলও হয়েছে। বিশেষ করে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, ড্রোন তৈরি ও পরমাণু অস্ত্র তৈরির পথে বেশ এগিয়ে গেছে ইরান। তবে শত্রুপক্ষের প্রভূত ক্ষতিসাধনে ইরান সমর্থ হলেও প্রবল পরাক্রমশালীর বিরুদ্ধে প্রচলিত যুদ্ধ জয়ের জন্য তা যথেষ্ট নয়।