ইজতেমায় জুমার নামাজে লাখো মুসল্লি

কেউ দাঁড়িয়েছেন ইজতেমা ময়দানে। কেউ সড়কে, কেউবা বাড়ির ছাদে। সবাই তৈরি। বেলা পৌনে দুইটায় কানে ভেসে এল আল্লাহু আকবর ধ্বনি। নিয়ত করে হাত বেঁধে ফেললেন সবাই। কিছুক্ষণ পিনপতন নীরবতা। এরপর ভেসে এল কেরাতের মধুর সুর।

এভাবেই আজ শুক্রবার জুমার নামাজ আদায় করেছেন বিশ্ব ইজতেমার প্রথম পর্বে হাজির মুসল্লিরা। এ সময় টঙ্গীর তুরাগ নদের তীর, আশপাশের সড়ক ও অলিগলি ভরে যায় লাখো মুসল্লিতে। সবার সিজদাবনত মস্তক তখন মহান আল্লাহর কৃপাপ্রার্থী। নামাজের পর আমিন, আমিন ধ্বনিতে মুখর হয়ে ওঠে ইজতেমা ময়দানসহ চারপাশ।

আজ সকালে পাকিস্তানের মাওলানা মো. খোরশেদ আলমের আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমার প্রথম পর্ব শুরু হয়। বেলা দেড়টার দিকে মাইকে আসে জুমার নামাজের ঘোষণা। ঘোষণা শুনে মুসল্লিদের মাঝে শুরু হলো ব্যস্ততা। বেলা পৌনে দুইটায় সবাই দাঁড়িয়ে পড়লেন কাতারে। নামাজে ইমামতি করেন মাওলানা জুবায়ের।