৪৫ ওভারের ম্যাচে তামিম ইকবালের লাল দল ৫ উইকেটে হারিয়েছে মাহমুদউল্লাহর সবুজ দলকে

শ্রীলঙ্কা সিরিজের আগে জাতীয় দলের ব্যাটসম্যানদের প্রস্তুতিটা ভালোই হলো। বিকেএসপিতে নিজেদের মধ্যে ভাগ হয়ে খেলা প্রস্তুতি ম্যাচে রান পেয়েছেন প্রায় প্রত্যেক স্বীকৃত ব্যাটসম্যানই। ৪৫ ওভারের ম্যাচে তামিম ইকবালের লাল দল ৫ উইকেটে হারিয়েছে মাহমুদউল্লাহর সবুজ দলকে। আগে ব্যাট করা সবুজ দলের দেওয়া ২৮৫ রানের লক্ষ্য ৩ ওভার বাকি থাকতেই পেরিয়ে যায় লাল দল। লাল দলের অধিনায়ক তামিম সর্বোচ্চ ৮০ রান করেন।

দিনটা যে ব্যাটসম্যানদের হতে যাচ্ছে, তা বোঝা যায় দিনের শুরুতেই সবুজ দলের দুই ওপেনার সৌম্য সরকার ও মোহাম্মদ নাঈমের ব্যাটিংয়ে। দুজন মিলে ১১৩ রানের জুটি গড়েন বেশ দ্রুত। নাঈম ৩৮ রান করে স্বেচ্ছায় অবসর নেন। সৌম্য থামেন ৭০ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় ৬০ রান করে।