করোনা পরিস্থিতির কারণে গত মার্চ থেকে বন্ধ আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। কবে খুলবে বিশ্ববিদ্যালয়, তা এখনো অজানা। পরিস্থিতি স্বাভাবিক থাকলে চলতি বছরে স্নাতক শেষ হতো ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের। স্নাতকের শেষ প্রান্তে এসে এই বর্ষের শিক্ষার্থীরা অনিশ্চয়তা থেকে রক্ষায় এবার উপাচার্যের দ্বারস্থ হয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের পরীক্ষাসহ সব একাডেমিক কার্যক্রম দ্রুত শেষ করা ও ৪৩তম বিসিএসে আবেদনের সময় বাড়ানোর দাবিতে আজ বৃহস্পতিবার দুপুরে রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামানের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেন তাঁরা। এই মানববন্ধনে প্রায় ৩০ জন শিক্ষার্থী অংশ নেন।
গত ৩০ নভেম্বর পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) প্রকাশ করা ৪৩তম সাধারণ বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২১ সালের ৩১ জানুয়ারি সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে। ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা বলছেন, স্নাতকের পরীক্ষা হয়ে গেলে তাঁরা অংশ নিতে পারতেন ৪৩তম বিসিএসসহ অন্যান্য চাকরির পরীক্ষায়। কিন্তু করোনাকালে অনলাইনে ক্লাস চললেও কোনো পরীক্ষা না হওয়ায় তাঁদের সেশনজটের আশঙ্কা তৈরি হয়েছে। পরীক্ষা কবে হবে, তারও ঠিক নেই। সব মিলিয়ে তাঁরা বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়েছেন।






