১৯৯১ সালের কথা। সে বছর বেরিয়েছিল উইনিং ব্যান্ডের অ্যালবাম। প্রথম অ্যালবামেই দুর্দান্ত সাড়া ফেলে উইনিং। ব্যান্ডের মূল ভোকাল চন্দনের গাওয়া ‘হৃদয়জুড়ে যত ভালোবাসা’ গানটি খুব জনপ্রিয় হয়। এরপর কেটে গেছে অনেক দিন।
২০০০ সাল থেকে কানাডায় প্রবাসী হন চন্দন। তবে সেখানেও নিয়মিত গান করছেন তিনি। সম্প্রতি কানাডা থেকে চার দিনের জন্য দেশে এসেছিলেন চন্দন। উদ্দেশ্য ছিল উইনিং ব্যান্ডের ‘হৃদয়জুড়ে যত ভালোবাসা’ গানটি নতুন করে দর্শকদের সামনে উপস্থাপন।
ঈদের দিন গানটি গান বাংলা টিভিতে প্রচারিত হয়। টিভিতে প্রচারের পর থেকেই ভালো সাড়া পাচ্ছেন চন্দন। তবে ঈদের পরদিন ইউটিউবে গানটি প্রকাশের পর থেকে দর্শক-শ্রোতাদের কাছ থেকে বেশি সাড়া পাচ্ছেন তিনি।
চন্দন বলেন, ‘এটা মূলত একটি আন্তর্জাতিক কোলাবরেশন প্রোজেক্ট। এটিকে একধরনের নিরীক্ষা বলা যেতে পারে। গানের সুরে কোনো পরিবর্তন আনা হয়নি। বরং পরিবেশনায় রয়েছে ভিন্নতা। গানটির সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের সেরা বাদ্যযন্ত্রশিল্পীরা বাজিয়েছেন। শ্রোতাদের কাছে গানটি তাই অনেকটাই নতুনত্বের আবেদন রাখবে।’
‘উইন্ড অব চেঞ্জ: সিজন থ্রি’তে কৌশিক হোসেন তাপসের সংগীত আয়োজনে গানটি নতুন করে গেয়েছেন চন্দন। কৌশিক হোসেন তাপস বলেন, ‘চন্দন ভাইয়ের গাওয়া গানটির জনপ্রিয়তার কোনো মাপকাঠি নেই। এটি ২৭ বছর ধরে সবার কাছে সমানভাবে প্রিয়। প্রিয় একটি গানকে নতুন রূপে দর্শক-শ্রোতাদের সামনে উপস্থাপন করা আসলেই বেশ চ্যালেঞ্জিং। আশা করি, দর্শক-শ্রোতারা নতুন করে আবারও “হৃদয়জুড়ে যত ভালোবাসা” গানে নস্টালজিক হতে পারবেন।’






