২৭১ বধ্যভূমি নির্মাণে একনেকে ৪৪২ কোটি টাকার প্রকল্প পাস

মহান মুক্তিযুদ্ধের ২৭১টি বধ্যভূমি সংরক্ষণ ও সেখানে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে। এ জন্য ৪৪২ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। গত জুলাই থেকে শুরু হয়ে ২০২১ সালের জুন মাসের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় (একনেক) প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন। শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনের এনইসির সম্মেলনকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, আগামী প্রজন্ম যাতে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারে, সে জন্য এই প্রকল্প নেওয়া হয়েছে।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রকল্পটি বাস্তবায়ন করবে। কয়েক বছর আগে এই প্রকল্পের প্রথম পর্যায়ে সারা দেশের ৩৫ বধ্যভূমি সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছিল। পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) প্রথম পর্যায়ের প্রকল্পটির ওপর পরিদর্শন প্রতিবেদনে দেখা গেছে, ওই সময়ে সংরক্ষণ করা প্রায় সব বধ্যভূমির বেহাল দশা। এখন নতুন করে আবার প্রকল্প নেওয়া হলো।

LEAVE A REPLY