১২ সেপ্টেম্বর আসছে নতুন আইফোন?

প্রতি বছরই নিজেদের নিত্যনতুন পণ্য নিয়ে একটি পরিচিতিমূলক অনুষ্ঠান করে থাকে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। আগামী ১২ সেপ্টেম্বর হবে সেই অনুষ্ঠান। এ বিষয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের কাছে আমন্ত্রণও পৌছে গেছে বৃহস্পতিবার। ধারণা করা হচ্ছে, নতুন মডেলের আইফোন এই অনুষ্ঠানেই উন্মোচন করা হবে। আসবে নতুন আইপ্যাড ও অ্যাপল ওয়াচও।

সংবাদমাধ্যম সিএনবিসির খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার পাওয়া গেছে অ্যাপলের আমন্ত্রণ। সাধারণত ফি বছরের সেপ্টেম্বর মাসেই এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবার আগস্ট মাসের শেষ সপ্তাহেও জানা যাচ্ছিল না কাঙ্ক্ষিত তারিখটি। এবার তা নিশ্চিত হলো। অ্যাপল জানিয়েছে, আগামী ১২ সেপ্টেম্বর স্থানীয় সময় সকাল ১০টায় অনুষ্ঠানটি শুরু হবে।

অ্যাপলের এ বার্ষিক অনুষ্ঠানটি অত্যন্ত আকর্ষণীয় হয়ে থাকে। কারণ পুরো অনুষ্ঠান নতুন নতুন পণ্য ও হালনাগাদ প্রযুক্তির চমকে ঠাসা থাকে। বলা হচ্ছে, ১২ সেপ্টেম্বরের অনুষ্ঠানে নতুন তিনটি আইফোন, একটি নতুন মডেলের ম্যাকবুক এয়ার এবং ম্যাক মিনির হালনাগাদ সংস্করণ উন্মোচিত হবে। দেখা যাবে নতুন অ্যাপল ওয়াচও।

LEAVE A REPLY