যাক, তৃতীয় সেশনে অন্তত ধারাটায় বাধ দিতে পেরেছে বাংলাদেশ!
চট্টগ্রামে আজ প্রথম দুই সেশনেই দুটি করে উইকেট হারিয়েছে বাংলাদেশ দল। দুটিতেই উইকেট পড়েছে সেশনের শেষ দিকে এসে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে তৃতীয় সেশনের শেষ দিকে এসেও তাই আজ একটু শঙ্কা ছিল – এই বুঝি আরেকটা উইকেট পড়ে গেল!
কিন্তু শঙ্কাটা সত্যি হয়নি। শেষদিকে উইকেট পড়েনি। দুটি নয়, তৃতীয় সেশনে একটি উইকেট হারিয়েছে বাংলাদেশ। তাতে দিন শেষ হয়েছে কিছুটা স্বস্তি নিয়ে। দ্বিতীয় দিনকে ঘিরে কিছু আশা নিয়ে।
স্বস্তি বা আশা, সবই সাকিব আল হাসান আর লিটন দাসের ব্যাট ঘিরে। ৫ উইকেটে ২৪২ রান নিয়ে আজ টেস্টের প্রথম দিন শেষ করেছে বাংলাদেশ। নিষেধাজ্ঞা কাটিয়ে এই টেস্ট দিয়েই লাল বলের ক্রিকেটে ফেরা সাকিব অপরাজিত আছেন ৩৯ রানে। আর এসেই আগ্রাসী ব্যাটিং করতে থাকা লিটন কাল দিন শুরু করবেন ৩৪ রানে থেকে।






