পাটের বস্তা রপ্তানি নিয়ে প্রতারনা

নেদারল্যান্ডসের ইন্টারবাল্ক প্যাকেজিং বিভি নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে পাটের বস্তা রপ্তানির চুক্তি করেছিল বাংলাদেশি রপ্তানিকারক সেকেন্ডস ইন্ডাস্ট্রি লিমিটেড। এ জন্য অগ্রিম টাকাও নিয়েছিল। তবে পাটের বস্তা রপ্তানি করেনি। তিন মাসের বেশি সময় ধরে যোগাযোগও করছে না।

এই পরিস্থিতিতে গত সপ্তাহে ডাচ প্রতিষ্ঠানটি বাংলাদেশকে জানিয়েছে, চুক্তির শর্ত অনুযায়ী পণ্য কিংবা আগাম দেওয়া টাকা ফেরত না পেলে তারা বাংলাদেশি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করবে। ইন্টারবাল্ক প্যাকেজিং এরই মধ্যে তথ্যপ্রমাণসহ নেদারল্যান্ডসে বাংলাদেশ দূতাবাসকে চিঠি দিয়ে বিষয়টি সুরাহার অনুরোধ জানিয়েছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর হিসাবে, ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশ নেদারল্যান্ডসে প্রায় ১১০ কোটি মার্কিন ডলারের পণ্য রপ্তানি করে, যা দেশের মোট রপ্তানি আয়ের ৩ শতাংশের বেশি।

নেদারল্যান্ডসে বাংলাদেশ দূতাবাস ও ডাচ প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, বাংলাদেশি প্রতিষ্ঠানটির প্রতারণার বিষয়টি দূতাবাস প্রথম জানতে পারে জানুয়ারির শুরুতে। এরপর ১৫ জানুয়ারি এ নিয়ে আনুষ্ঠানিকভাবে চিঠি দেয় ইন্টারবাল্ক প্যাকেজিং। প্রতিষ্ঠানটি অভিযোগ করে, ঢাকার পুরানা পল্টনের ঠিকানা দেওয়া সেকেন্ডস ইন্ডাস্ট্রি পাটের বস্তা রপ্তানির জন্য অগ্রিম ২ লাখ ডলার (১ কোটি ৭০ লাখ টাকা) নিয়েছে। তারা পণ্য সরবরাহের জন্য তিন দফা সময় বাড়িয়ে নিয়েছিল। কিন্তু সরবরাহ করেনি। যোগাযোগ রাখছে না গত বছরের অক্টোবর থেকে। ডাচ প্রতিষ্ঠানটির আশঙ্কা, বাংলাদেশি প্রতিষ্ঠানটি শুধু তাদের সঙ্গেই নয়, আরও কিছু প্রতিষ্ঠানের সঙ্গে এ ধরনের প্রতারণা করেছে।

এদিকে ডাচ প্রতিষ্ঠানের অভিযোগের বিষয়ে জানতে সেকেন্ডস ইন্ডাস্ট্রি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইমরুল হাসানের মুঠোফোনে যোগাযোগ করেও কোনো সাড়া পাওয়া যায়নি।