‘সৌম্যর কিছু টেকনিক্যাল সমস্যা আছে’

গত এশিয়া কাপেও তিনি দলে ছিলেন। ছিলেন কী, পাকিস্তানের বিপক্ষে তাঁর সেই ইনিংসটা নিশ্চয়ই স্মৃতি থেকে মুছে যায়নি। মিরপুরে সৌম্য সরকারের ৪৮ বলে ৪৮ রানের ইনিংসটাই পাকিস্তানের দেওয়া ১৩০ রানের লক্ষ্যটা অনায়াসে পেরিয়ে যেতে সাহায্য করেছিল। অথচ এবার? দল যখন দুবাইয়ে ব্যস্ত এশিয়া কাপ নিয়ে, পুরোনো ছন্দ কীভাবে ফিরে পাওয়া যায়, সৌম্য তখন সেই গবেষণায়।

আন্তর্জাতিক ক্রিকেটে এসেই আলো ছড়ানো সৌম্যের আত্মবিশ্বাস অনেকদিন ধরেই টিউবলাইটের মতো জ্বলছে-নিভছে। এই ভালো করেন তো আবারও শীত নিদ্রায়! জাতীয় দলের বাইরে থাকা তরুণ ওপেনার এখন খুঁজছেন সমস্যার সমাধান। ব্যক্তিগত উদ্যোগে কাজ করছেন ব্যাটিং নিয়ে। আর বরাবরের মতো এবারও তাঁর পাশে এসে দাঁড়িয়েছেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন, দুজনের পরিচয় সেই বিকেএসপি থেকে। সৌম্যর কোন সমস্যাটা নিয়ে কাজ করছেন, সেটি বললেন সালাউদ্দিন, ‘আমার কাছে মনে হয় সৌম্যর কিছু টেকনিক্যাল সমস্যা আছে। আমার মনে হয় না তাঁর কোনো মনস্তাত্ত্বিক সমস্যা আছে। তাঁর খেলার ধরন একেকদিন একেক রকম হতো, যদি তাঁর মনস্তাত্ত্বিক সমস্যা থাকত। সে বিশেষ কিছু বলে বারবার আউট হচ্ছে। এখানে কিছু টেকনিক্যাল সমস্যা আছে, আর কিছু না।

এটা ঠিক করা খুব বেশি সমস্যা হবে না। আর ইদানীং খেলা নিয়ে সে অনেক বেশি চিন্তা করে। কীভাবে উন্নতি করা যায় সেটা নিয়ে অনেক ভাবছে। আমার মনে হয় এটা খুব দ্রুতই সমাধান করা যাবে এবং সে খুব ভালো ভাবেই ফিরবে।’

এই যে অনেক ভাবছেন, অতিরিক্ত ভাবনাটা কি তবে সৌম্যর খেলায় প্রভাব ফেলছে? সালাউদ্দিন বলছেন, প্রভাব ফেলতে পারে। তবে নির্দিষ্টভাবে সৌম্যর সমস্যাটা তাঁর অজানা নয়, ‘অতিরিক্ত চিন্তা অবশ্যই হিতে বিপরীত হতে পারে। অতিরিক্ত চেষ্টা অনেকের জন্য হিতের বিপরীত হতে পারে। প্রায় সময়ই দেখা যায় নতুন বলে বের হয়ে যাওয়া বলে স্লিপে আউট হচ্ছে সৌম্য। অফ স্পিনে মাঝে মাঝে আউট হচ্ছে। এ দুটি বলেই বেশির ভাগ আউট হচ্ছে। মিড উইকেট ও লং অনেও আউট হতে দেখা যায়। আপনি তাঁর পুরো খেলাটা বিশ্লেষণ করলে দেখবেন, এ কটা আউট হয় সে। এটা আসলে টেকনিক্যাল সমস্যা, কোন দিকে মারতে যাচ্ছে সেটা নিশ্চিত না। এগুলো ধরতে পারা সহজ। টেকনিক্যাল সমস্যাগুলো একটু ঠিক করলেই সে আরও ভালো ব্যাটসম্যানে পরিণত হবে।’

সৌম্যর মতো নিয়মিত সালাউদ্দিনের শরণ নেন মুমিনুল হকও। আয়ারল্যান্ড সফরে ভালো করার পর শুরুতে এশিয়া কাপের দলে শুরুতে উপেক্ষিত থেকেছেন বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যান। তবে শেষ পর্যন্ত তামিম ইকবাল ও নাজমুল হোসেনের বিকল্প হিসেবে ১৬তম সদস্য হিসেবে নেওয়া হয়েছে তাঁকে। মুমিনুলকে এভাবে ডাকাটা পছন্দ হয়নি সালাউদ্দিনের, ‘সে যেহেতু আয়ারল্যান্ডে ভালো করেছে, এখানে সুযোগ পেয়েছে। এটা তাঁর জন্য ভালো। তবুও বলব তাঁর অনেক উন্নতি করার জায়গা আছে। আশা করি সে ওয়ানডে ও টি-টোয়েন্টিতেও দেশের হয়ে খেলবে। তবে সে এবার যেভাবে দলে সুযোগ পেয়েছে, এটাতে খুব একটা খুশি নই। তাঁর সুযোগ পেতে ৫০-৫০ সম্ভাবনা থাকতে পারে না।’

LEAVE A REPLY