বাসার ছোট্ট শিশুটি হয়তো ভাত খেতে চাইছে না। নুডলস তার বিশেষ পছন্দ। মা-বাবাকেও দেখা যায়, ভাতের পরিবর্তে নিয়মিত নুডলস দিচ্ছেন তাকে। কিন্তু সব সময় এই নুডলস খাওয়াটা শিশুর জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। কারণ, নুডলস তৈরি হয় আটা, ময়দা দিয়ে। এসব উপকরণে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে। যা শিশুর ওজন বাড়াতে সাহায্য করে। এ ছাড়া নুডলসে বিশেষ একধরনের প্রিজারভেটিভ দেওয়া থাকে, যে কারণে প্রতিদিন নুডলস খেলে শিশুর স্বাস্থ্যে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।তবে কি শিশুকে নুডলস খাওয়ানো যাবে না? এই প্রশ্ন যাঁদের মনে কাজ করছে, তাঁদের বলছি, খাওয়াতে পারবেন, তবে নিয়মিত না। আর নুডলস রান্নার সময় অবশ্যই বাদাম, সবজি, ডিম, মাংস আর কলিজা মিশিয়ে নেবেন। এতে করে সাধারণ নুডলসও হয়ে উঠবে পুষ্টিগুণসম্পন্ন খাবার।






