মো. রায়হান তিনটি দোকানে ঘুরলেন, যদি আধা কেজি পেঁয়াজের দাম অন্তত পাঁচ টাকা কমে পাওয়া যায়। লাভ হয়নি। ৯০ টাকা দরেই তাঁকে পেঁয়াজ কিনতে হলো।
ক্ষুদ্র ব্যবসায়ী রায়হানের সঙ্গে গতকাল বৃহস্পতিবার রাজধানীর জিগাতলা কাঁচাবাজারে কথা হয়। তিনি জানান, সবজির দামও চড়া। আগে মোটামুটি ৩০০ টাকার সবজি কিনলেই পুরো সপ্তাহ চলে যেত। এখন দাম বাড়লেও তিনি ব্যয় বাড়াতে পারেননি। তাই দুই পদের বদলে এক পদ দিয়েই দিন চালান।
পেঁয়াজ-সবজির বাইরে বাজারে এখন চালের দাম চড়া। আলু সাধারণের নাগালের বাইরে। সঙ্গে ভোজ্যতেল, ডিম, আদা, রসুন ইত্যাদি নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চ দাম মানুষকে ভোগাচ্ছে।
বাজারে ৫০ টাকা কেজির নিচে সবজি নেই বললেই চলে। গতকাল হাতিরপুল বাজারে দেখা যায়, করলা ১০০ এবং ঢ্যাঁড়স, লাউ, কাঁকরোল ও কচুর মুখি ৭০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বেগুন ও চিচিঙ্গার দাম প্রতি কেজি ৮০ টাকা। কমের মধ্যেও পটোল ৬০ ও কাঁচা পেঁপে ৫০ টাকা। কাঁচা মরিচের দাম আরও বেশি। বাজার ভেদে ২২০ থেকে ২৪০ টাকা কেজি। টমেটো প্রতি কেজি ১১০ ও শসা ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হয়।হাতিরপুল বাজারে সবজি কিনছিলেন আতিয়া সাইদ। বলেন, ‘দাম এত বেশি যে এখন পরিমাণ কমাতে হয়েছে। ঢ্যাঁড়স কখনো এক কেজির কম কিনতাম না। আজ (গতকাল) আধা কেজি কিনেছি।’






