এক আত্মা একই ব্যথা মেসি–সুয়ারেজের

দুই ধারি তলোয়ারের মতো লা লিগায় প্রতিপক্ষ দলের রক্ষণকে তছনছ করছিলেন দুজন। তাঁরা ‘দুজন’ হয়েছিলেন ত্রিফলা ভেঙে যাওয়ায়—নেইমার ২০১৭ সালে বার্সেলোনা ছাড়ার পর। তারপর থেকে মেসি-সুয়ারেজ মিলে টানছিলেন বার্সার আক্রমণভাগ। ভেঙে যায় সেটিও। লুইস সুয়ারেজকে একরকম ‘গলাধাক্কা’ দিয়েই বের করে দিয়েছে বার্সা। এখন পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হলেও বনিবনা হচ্ছিল না মেসির সঙ্গেও। দুই বন্ধুর মনের ব্যথাটা তাই একইরকম।

ব্যথা? তা নয় তো কী! বার্সেলোনা বোর্ড ও সভাপতির ওপর মেসির অসন্তোষ দীর্ঘদিনের। গত চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে পড়ার পর ক্ষোভ উগরে বার্সা ছাড়তে চেয়েছিলেন মেসি। অনেক জল ঘোলা হওয়ার পর সিদ্ধান্তটা পাল্টান আর্জেন্টাইন তারকা। সুয়ারেজকে সঙ্গে নিয়ে চালিয়ে যেতে চেয়েছিলেন বার্সার শিরোপা অভিযান। কিন্তু কাতালান ক্লাবটির পরিচালক-পর্ষদ ও নতুন কোচ রোনাল্ড কোমান তা হতে দেননি। কোমান এসে সোজাসাপ্টাই বলে দেন তাঁর পরিকল্পনায় নেই সুয়ারেজ। এরপর আর বন্ধুর সঙ্গে একই ক্লাবে থাকা হয়নি মেসির। ঠিকানা পাল্টে সুয়ারেজ এখন আতলেটিকো মাদ্রিদের। বার্সাকে নিয়ে তাই সাম্প্রতিক সময়ে দুজনের অভিজ্ঞতা মোটামুটি একইরকম—কষ্টকর।