শুরুই হয়নি টার্মিনাল তৈরির কাজ

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দর প্রতিষ্ঠার পাঁচ বছর পার হয়েছে। কিন্তু টার্মিনাল নির্মাণের কাজ শুরুই হয়নি। গত মাসে কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের রাবনাবাদ চ্যানেলের তীরে গিয়ে কোনো নির্মাণকাজের চিহ্ন দেখা যায়নি। তীর রক্ষা বাঁধের পাশে জেগে ওঠা গাছ ঠায় দাঁড়িয়ে আছে। নদীর তীরের অদূরে রাবনাবাদ চ্যানেলে ভাসছে জাহাজ বেঁধে রাখার জন্য মুরিং বয়া।

২০১৩ সালের ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পায়রা সমুদ্রবন্দর প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ২০১৮ সালের মধ্যে সেখানে দুটি টার্মিনাল নির্মাণ করে বন্দর চালুর লক্ষ্যমাত্রা ঠিক করা হয়। গত ১৮ নভেম্বর সড়কপথে পটুয়াখালীর কলাপাড়ায় গিয়ে দেখা যায়, উপজেলার টিয়াখালী ইউনিয়নে আন্ধারমানিক নদীর তীরে প্রশাসনিক ভবন, গুদাম, পানি শোধনাগার স্থাপন করা হয়েছে। পন্টুন দেখা গেছে নদীর তীরে। বন্দরের কাজে ব্যবহারের নিজস্ব জলযান রাখার জন্য একটি সার্ভিস জেটিও নির্মাণ করা হচ্ছে। সেখানে সমুদ্রগামী জাহাজ থেকে পণ্য ওঠানো-নামানোর কোনো স্থাপনা নেই। সেখানে পাওয়া গেল সার্ভিস জেটি নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ফোরম্যান আরব আলীকে। তিনি জানালেন, বন্দরের জাহাজ রাখার জন্যই এই জেটি নির্মাণ করা হচ্ছে। কাজ শেষের দিকে। মূল বন্দরে যেতে হলে আন্ধারমানিক নদী পেরিয়ে লালুয়া ইউনিয়নে যেতে হবে।

LEAVE A REPLY