রাজধানীর দক্ষিণখানে শিশু রিফাত (৮) হত্যা মামলায় গ্রেপ্তার বাড়ির মালিক অজিত কুমার বসাককে (৫৫) এক দিনের রিমান্ডে নিয়ে পুনরায় জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। দক্ষিণখান থানা-পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এই আদেশ দেন।
দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা সোমবার প্রথম আলোকে বলেন, রিফাত হত্যা মামলায় গ্রেপ্তার অজিত কুমার বসাককে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু খুনের দায় তিনি স্বীকার করছেন না। তবে এই হত্যার রহস্য উদঘাটনে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
২৩ ফেব্রুয়ারি রাজমিস্ত্রি আবদুর রশীদের ছেলে মোল্লারটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র রিফাত নিখোঁজ হয়। এর দুদিন পর শিশু রিফাতের লাশ পাওয়া যায় অজিত কুমার বসাকের বাড়ির রিজার্ভ ট্যাংকে। এ ঘটনায় রিফাতের বাবা আবদুর রশীদ অজিত কুমার বসাককে আসামি করে ২৬ ফেব্রুয়ারি খুনের মামলা করেন। মামলা হওয়ার পরদিন ২৭ ফেব্রুয়ারি অজিত কুমার বসাককে গ্রেপ্তার করে দক্ষিণখান থানা-পুলিশ। সেদিন শিশু রিফাত হত্যার বিচারের দাবিতে উত্তরার রাজলক্ষ্মী কমপ্লেক্সের সামনে মহাসড়কে অবস্থান নেন এলাকাবাসী। বিমানবন্দর-টঙ্গী মহাসড়কের দুই পাশে সৃষ্টি হয় তীব্র যানজট। এর পরদিন ২৮ ফেব্রুয়ারি ঢাকার আদালত এই ঘটনার রহস্য উদঘাটনের জন্য অজিতকে তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশকে অনুমতি দেন।






