করোনায় বিশ্বে ১৭ লাখ ৬০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। বাজারে টিকা আসার খবরে কিছুটা আশা দেখছেন মানুষ। করোনাভাইরাস প্রতিরোধে ফাইজার–বায়োএনটেক, মডার্না, অক্সফোর্ডের টিকা নিচ্ছেন বিভিন্ন দেশের মানুষ। টিকার খবর শোনার পরই ছয় বছর বয়সী এক শিশুশিক্ষার্থী ফাইজারের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) কাছে আরজি জানিয়ে এক চিঠি লেখে। স্কুলশিক্ষার্থী ক্যালাম থর্নহিলের সিইওর কাছে অনুরোধ ছিল সান্তা ক্লজকেও যেন অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়া হয়। ক্যালাম থর্নহিলের চিঠির উত্তরও দিয়েছেন ফাইজারের সিইও।
ক্যালাম থর্নহিলের বাড়ি আয়ারল্যান্ডে। ছয় বছর বয়সী থর্নহিল পড়ে স্থানীয় একটি স্কুলে। এবারের বড়দিনের উৎসবে সান্তা ক্লজকেও পাবে না, এটা আগেই জানত থর্ন হিল। এ জন্য মন খারাপ ক্যালাম থর্নহিলের মাথায় বুদ্ধি আসে, টিকা নিতে পারলে তো সান্তা ক্লজের কোনো সমস্যা হবে না। মাথায় এ বুদ্ধি আসতেই চিঠি লেখে ফাইজারের সিইওকে অ্যালবার্ট বৌরলাকে। ফাইজারের কাছে থর্নহিলের জরুরি অনুরোধ, সান্তা ক্লজকেও যেন সবার আগে টিকা দেওয়া হয়। তার ধারণা, সান্তা ক্লজ টিকা পেয়ে সুস্থ হলেই সে পাবে বড়দিনের পূর্ণ আনন্দ। অ্যালবার্ট বৌরালাও থর্নহিলের চিঠির জবাব দিয়েছেন। তিনি বলেছেন, ‘আমরা নিশ্চিতভাবেই সান্তার প্রয়োজনটি দেখব।’






