লাল কার্ড দেখেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড

চোট কাটিয়ে নেইমার মাঠে ফিরেছেন আন্তর্জাতিক ফুটবল বিরতির আগেই। কিন্তু লিওঁর বিপক্ষে সে ম্যাচে বদলি নেমেছিলেন নেইমার। দলের ৪-২ গোলের জয়েও কোনো অবদান ছিল না। সে তুলনায় আজ বেশ বড় উপলক্ষ ছিল তাঁর সামনে। ফেব্রুয়ারির পর এই প্রথম মূল একাদশে খেলতে নেমেছিলেন। সেটাও যৌথভাবে লিগের শীর্ষে থাকা লিলের বিপক্ষে। এমন দারুণ উপলক্ষ পেলেই তো জ্বলে ওঠেন বড় তারকারা।

লিগ ‘আঁ’তে আজ সে পরীক্ষায় ব্যর্থ হয়েছেন নেইমার। কোনো গোল পাননি, করাতে পারেননি কোনো গোল। বরং মেজাজ হারিয়ে ম্যাচের অন্তিম মুহূর্তে লাল কার্ড দেখেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ২০২০ সালের পর থেকে এ নিয়ে তিনবার লাল কার্ড দেখলেন নেইমার। ফ্রেঞ্চ লিগে এই সময়ে তাঁর চেয়ে বেশি লাল কার্ড দেখেননি কেউ। দলের সেরা তারকারই যখন এ অবস্থা, পিএসজি আর ভালো করে কীভাবে।

মহাগুরুত্বপূর্ণ এক ম্যাচে ঘরের মাঠে ১-০ গোলে হেরেছে পিএসজি। লিগে আবার শীর্ষে উঠে গেছে লিলে।