রোহিঙ্গাদের ভাগ্য

বিগত চার বছর ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে পরিচালিত যুক্তরাষ্ট্রকে বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে বের হয়ে আসা চীনের বিরুদ্ধে বাণিজ্যযুদ্ধ, চীনের বিরুদ্ধে সামরিক জোট গঠন এবং ইসরায়েল তোষণ নীতির কারণে আন্তর্জাতিক মহলে দুর্বল করেছে বলে অনেকেই মনে করেন। ট্রাম্পের ইসরায়েল তোষণনীতি, অভিবাসনের বিরোধিতা এবং অন্যান্য কারণে বাংলাদেশসহ বিশ্বের প্রায় সব প্রান্তে এ নির্বাচন নিয়ে এত বেশি আগ্রহ।

বাংলাদেশের গণমাধ্যমের দৃষ্টিও এখন যুক্তরাষ্ট্রের নির্বাচনের দিকে নিবদ্ধ রয়েছে। যুক্তরাষ্ট্রে ক্ষমতার পালাবদল হলে নতুন প্রশাসনের তালিকায় এমন বিষয়গুলো থাকবে, যেগুলো ট্রাম্প আমলে গুরুত্ব পায়নি। বৈশ্বিক মানবাধিকার ও গণতন্ত্রের মতো বিষয়গুলো নতুন প্রশাসনে গুরুত্ব পেতে পারে। কাজেই বিশ্বের উন্নয়নশীল বহু দেশে যেখানে উদার গণতন্ত্র এবং মানবাধিকার প্রশ্নবিদ্ধ রয়েছে, সেসব দেশের বাইডেনের বিদেশনীতির বিভিন্ন দিক বুঝতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।এই নভেম্বর মাসেই (আজ ৮ নভেম্বর) বিশ্বের অন্য প্রান্তে, আমাদের দেশের অন্যতম ও গুরুত্বপূর্ণ প্রতিবেশী মিয়ানমারে সাধারণ নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচন নিয়ে আমাদের গণমাধ্যমে তেমন আলোচনা নেই। কিন্তু আমার কাছে এই নির্বাচনের গুরুত্ব কোনো অংশেই কম নয়। মিয়ানমারের আজকের নির্বাচনে পরোক্ষভাবে জড়িত রয়েছে বাংলাদেশে তিন বছর ধরে আশ্রয়প্রাপ্ত মিয়ানমারের উত্তর রাখাইনের ১১ লাখ ভাগ্যাহত রোহিঙ্গার তাদের ভিটেমাটিতে ফিরে যাওয়ার বিষয়টি। যদিও মিয়ানমারের নির্বাচনে বর্তমান রাজনৈতিক ও সামরিক সমীকরণে কোনো পরিবর্তন হবে বলে মনে হয় না, তথাপি দ্বিপক্ষীয় সম্পর্কের মাধ্যমে পরিস্থিতির উন্নতির আশা করাই যায়। একই কারণে যুক্তরাষ্ট্রের পালাবদলের কারণে এ অঞ্চলেও কিছু পরিবর্তন হতে পারে। দুটোর মধ্যেই কিছুটা যোগসূত্র রয়েছে।