আর কদিন পরই পূর্ণ হতে যাচ্ছে বাংলাদেশি চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক রাজ্জাকের মৃত্যুর এক বছর। এই সময়টার মধ্যে কোনো টেলিভিশন চ্যানেল রাজ্জাকের স্ত্রী লক্ষ্মীকে ক্যামেরার সামনে হাজির করাতে পারেনি। সেই খায়রুন্নেসা লক্ষ্মীকে আজ দেখা গেল। দুই সন্তান বাপ্পারাজ ও সম্রাটসহ পরিবারের অন্য সদস্যদের নিয়ে এলেন চ্যানেল আইতে। কারণ, আজ যে তাঁর প্রয়াত জীবনসঙ্গীর বায়োগ্রাফিক্যাল ডকুমেন্টরি ‘রাজাধিরাজ রাজ্জাক’ নিয়ে সংবাদ সম্মেলন। এই প্রথম কোনো অনুষ্ঠানে লক্ষ্মীকে দেখা গেল রাজ্জাক ছাড়া!
চলচ্চিত্রে একটা লম্বা সময় পার করেছেন রাজ্জাক। এই দীর্ঘ সময়ে তাঁকে আড়ালে থেকে সমর্থন জুগিয়েছেন লক্ষ্মীই। পুরো সংসারটাকে আগলে রেখেছেন। চলচ্চিত্র সম্পর্কিত কোনো অনুষ্ঠানে খুব একটা দেখা যেত না। রাজ্জাকের সঙ্গে হাতে গোনা কয়েকটি অনুষ্ঠানে তাঁকে দেখা গেছে।






