মিয়ানমারের পেঁয়াজ উৎপাদনকারী এলাকা থেকে ট্রাকে করে প্রথমে সে দেশের আকিয়াব বন্দরে নেওয়া হয়। এরপর কাঠের ট্রলারে পেঁয়াজ বোঝাই করা হয়। নদীপথে ১২ ঘণ্টার মধ্যে তা টেকনাফ স্থলবন্দরে এসে পৌঁছায়। টেকনাফ স্থলবন্দর থেকে খালাস করে তা ট্রাকে করে সারা দেশে পরিবহন করা হয়। এতে দুই থেকে তিন দিন সময় লেগে যায়। মূলত এই সময়ে গরমে অনেক পেঁয়াজ নষ্ট হয়ে যাচ্ছে। আবার কাঠের ট্রলারে নিচের স্তরে থাকা পেঁয়াজে পানি লেগে ১০ থেকে ১৫ শতাংশ নষ্ট হয়ে যায়।
খাতুনগঞ্জের হামিদুল্লাহ মিঞা মার্কেটে পেঁয়াজের আড়তে পচা পেঁয়াজের উৎকট গন্ধ। আড়তের সামনে পচে যাওয়া পেঁয়াজের বস্তার স্তূপ। রাতে এসব পেঁয়াজ শ্রমিকেরা সড়কে নিয়ে ফেলে দিচ্ছেন। গত বৃহস্পতিবার ও আজ শনিবার খাতুনগঞ্জে এই চিত্র দেখা গেছে।
চাক্তাই আড়তদার ও ব্যবসায়ী সমিতির সভাপতি মো. খালেদ আহসান বৃহস্পতিবার টেকনাফ স্থলবন্দরে এক আমদানিকারকের কাছ থেকে দুই গাড়ি পেঁয়াজ কিনেছেন। কিন্তু আড়তে আনার পর দেখেন, বেশির ভাগ পেঁয়াজই নিম্নমানের। আজ তিনি প্রথম আলোকে জানান, কমবেশি প্রতিটি গাড়িতে পচা পেঁয়াজ পাওয়া যাচ্ছে। পচে যাওয়া পেঁয়াজ বাছাই করে ফেলে দিয়েছেন তিনি।
আড়তদারেরা পেঁয়াজ ফেলে দেওয়ার পর সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা তা সরিয়ে নিচ্ছেন। সিটি করপোরেশনের বক্সিরহাট ওয়ার্ডের পরিচ্ছন্নতা পরিদর্শক আহমদ ছফা আজ সন্ধ্যায় প্রথম আলোকে জানান, প্রতি সপ্তাহেই চাক্তাই-খাতুনগঞ্জ থেকে পচা পেঁয়াজ সরিয়ে ময়লার ভাগাড়ে ফেলে দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার গভীর রাতে তিনটি গাড়িতে করে প্রায় চার টনের মতো পেঁয়াজ আরেফিন নগরে ময়লার ভাগাড়ে ফেলা হয়েছে।






