অনিয়ম ও দুর্নীতির অভিযোগের সত্যতা মেলায় ‘আইসিটির মাধ্যমে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষার প্রচলন (দ্বিতীয় পর্যায়ে)’ প্রকল্পের পরিচালক মো. আব্দুস সবুর খানকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের এই কর্মকর্তাকে সরিয়ে দেওয়ার কথা জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, প্রকল্প পরিচালক নিয়োগ না হওয়া পর্যন্ত এই প্রকল্পের উপপরিচালক মোহাম্মদ জাকির হোসেন প্রকল্প পরিচালকের রুটিন দায়িত্ব পালন করবেন।
এই প্রকল্পটিতে দীর্ঘদিন ধরেই অনিয়ম ও দুর্নীতি হচ্ছিল। সরকারি একাধিক তদন্তেও এসব অভিযোগের সত্যতা মেলে। এই প্রকল্পের কাজ ছিল মূলত দুটি। শ্রেণিকক্ষে মাল্টিমিডিয়া স্থাপন। আর মাল্টিমিডিয়া ব্যবহার করে ক্লাস পরিচালনার জন্য শিক্ষক-কর্মকর্তাদের প্রশিক্ষণ। সরকার চেয়েছিল সারা দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের ৩১ হাজার ৩৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ করবে। আর পৌনে ৬ লাখ শিক্ষক-কর্মকর্তাকে প্রযুক্তিনির্ভর ক্লাস পরিচালনার প্রশিক্ষণ দেবে। কিন্তু দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের দুর্নীতির চোটে সব ভেস্তে গেছে। প্রকল্পের কাজ হয়েছে মাত্র ৮ শতাংশ, তবে দুর্নীতি হয়েছে দেদার। সেসবের তদন্তও হয়েছে। কিন্তু অভিযুক্ত কর্মকর্তারা এতদিন স্বপদেই বহাল থেকেই কাজ করে আসছিলেন।






