বলিউডের নবাগত নায়িকা সারা আলী খান এখনো পর্যন্ত ছবি করেছেন মাত্র দুটি। আর প্রেম? প্রেম করেছেন মাত্র একটি। যদিও তাঁর প্রেমিক হিসেবে শোনা যায় বেশ কয়েকজনের নাম। বলিউডে যাত্রা শুরুর পর হিট করেছে তাঁর অভিনয় করা ‘সিমবা’ ছবিটি। বলিউড তারকা সাইফ আলী খানের মেয়ে সারা আলী খান সম্প্রতি নিজেই ফাঁস করলেন পুরোনো প্রেমিকের নাম।
হঠাৎ সারার প্রেমের প্রসঙ্গ উঠে আসার কারণ—কার্তিক আরিয়ান। এক অনুষ্ঠানে রণবীর সিং কার্তিকের হাত ধরে টেনে আনেন সারার সামনে। বলেন, দেখো তো, একে চেনো কি না। সারাও কার্তিকের দিকে হাত বাড়িয়ে দিয়ে পরিচিত হওয়ার ভঙ্গি করেন। তবে তাঁরা যে পূর্ব পরিচিত, সেটা বুঝতে কারও বাকি থাকে না। রণবীর যখন দু’হাতের আঙুল ভাঁজ করে হৃদয় বানিয়ে দুজনের মাঝখানে ধরেন, আলতো করে রণবীরকে মারের ভঙ্গি করেন সারা।






