বোঝার মানসিকতা, ধৈর্য সবার থাকে না

এক কাপ চা কি শুধুই এক কাপ চা?
ভালোবাসা হলো গিভ অ্যান্ড টেক, অভিযোজন, কম্প্রোমাইজ! ফেইরিটেল ভালোবাসা যা আমরা খুঁজি, তা শুধু ফেইরিটেলেই থাকে। ভালোবাসা হলো স্বার্থের বিনিময়। প্রয়োজনের দাবি। দাবি, আকাঙ্ক্ষা আর প্রাপ্তির মিল না হলে, সে সম্পর্ক টেকে না।

ম্যাচুরিটি লাগে, ধৈর্য লাগে। অনেক হিসাব থাকে—পয়সা, ফ্যামিলি, সংসার, সমাজ, জেনেটিকস, মানসিকতা, দর্শনধারী। কথায় তো আছে, প্রথমে দর্শনধারী, তারপর গুণবিচারি! এত কিছুর হিসাব করি কিন্তু অবচেতনে। তাই না বোঝা ফ্যান্টাসিতে থাকি, আকাশ–বাতাস পাগল করা ভালোবাসার বুলিতে। যখন চাওয়া আর পাওয়া বা গিভ অ্যান্ড টেক দুজনের চাহিদা মোতাবেক হয় না, সম্পর্ক টিকবে না।

কবরীর কাছে অনেকেই আসবে—পয়সা, খ্যাতি, সৌন্দর্য, সামাজিক স্ট্যাটাস ইত্যাদির জন্য। কবরী ইকুয়াল পার্টনারশিপ চেয়েছে—তার পয়সার দরকার ছিল না, তবে তাকে কেউ নিংড়ে নেবে, সেটাও সে মানবে না। পোড়খাওয়া ম্যাচিউর মহিলা, তার সঙ্গে পার্টনারশিপের জন্য তার সঙ্গে পাল্লা দিয়ে চলতে পারে, এমন একজন দরকার ছিল। না তার সঙ্গে রেষারেষি পাল্লা নয়, মননে, মেধায়, পয়সায়, সমমনায়! সেই সমমনা মানুষ পাওয়া টাফ। একজনকে বোঝার মানসিকতা, ধৈর্য সবার থাকে না। মানুষ তাকে ব্যবহার করতেই চাইবে, আর তার সমসাময়িক সবাই নিশ্চয়ই তখন বিবাহিত! পাবে কাকে?

পয়সাওয়ালা কেউ হয়তো এমন কাউকে বিয়ে করবে বা করত, তার ইমোশনকে পাত্তা দিত না, হয়তো কাজকে সম্মান করত না। তার প্রয়োজনকে প্রায়োরিটি দিত না। হয়তো চাইবে, সংসার করুক, তার পক্ষে সেটা সম্ভব ছিল না! কবরী সবার ছিল, আমজনতার, নামেই সবাই চেনে। এমন মানুষ শুধু একজনের মনোরঞ্জনের জন্য নয়, সেখানে ইগো, ইনফিরিওরিটি বা সুপিওরিটি কম্পেক্স ইত্যাদির মিশেলে যেকোনো ব্যক্তিই তার জীবনকে অতিষ্ঠ করে তুলতে পারে; হয়তো তুলেছে।