বেসরকারি খাতে ঋণপ্রবাহ বাড়ছে

করোনাভাইরাসের প্রভাবে বেসরকারি খাত ঝিমিয়ে পড়লেও আবার যেন জেগে ওঠার ইঙ্গিত মিলছে। সুরক্ষাসামগ্রী তৈরিতে নতুন বিনিয়োগ হচ্ছে। আগের প্রকল্প চালু রাখতেও অনেকেরই ঋণ নেওয়া বেড়েছে। বেতন দিতেও প্রায় ১০ হাজার কোটি টাকার ঋণ গেছে। আবার এক ব্যাংক থেকে অন্য ব্যাংকের ঋণ কেনার প্রবণতাও বেড়েছে। এর ফলে কাগজে–কলমে বেসরকারি খাতে ঋণপ্রবাহ বাড়ছে।

কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে, চলতি বছরের জানুয়ারি-জুলাই পর্যন্ত বেসরকারি খাতে ঋণ বিতরণ ৪২ হাজার ৫০ কোটি টাকা বেড়েছে। ২০১৯ সালের একই সময়ে বেড়েছিল ৪৪ হাজার ১১৫ কোটি টাকা।

গত এপ্রিল থেকে ক্রেডিট কার্ড ছাড়া সব ঋণের সুদহার ৯ শতাংশ নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে সব ব্যাংকে ঋণের ভালো চাহিদা তৈরি হয়। কিন্তু করোনাভাইরাসের কারণে তা ঝিমিয়ে পড়ে। এরপর কম সুদের প্রণোদনা প্যাকেজ চালু হলে ব্যবসা চালাতে আবার ঋণ নিতে শুরু করেন উদ্যোক্তারা।