ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মরিশাসকে জাপানি মালিকানাধীন জাহাজ থেকে চুইয়ে পড়া তেলে দূষিত সমুদ্র পরিষ্কার করার কাজে সমস্যার মুখে পড়তে হচ্ছে। প্রযুক্তির ঘাটতি এবং অর্থাভাব হচ্ছে সমস্যার মূল কারণ। এর বাইরে দূষণ ছড়িয়ে পড়া এলাকার মৎস্যজীবীদের জীবিকার বিষয়টিও সমস্যা হয়ে দেখা দিয়েছে। তাই মরিশাসের সরকার পরিস্থিতি সামাল দিতে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য জাপানরে প্রতি অনুরোধ জানিয়ে আসছে।
মরিশাসের সেই অনুরোধে সাড়া দিয়ে জাপানের পরিবেশমন্ত্রী শিনজিরো কোইজুমি আজ বৃহস্পতিবার তাঁর মরিশাসের প্রতিপক্ষ কাভদাস রামানো’র সঙ্গে এক অনলাইন বৈঠকে মিলিত হন। বৈঠকে তিনি বলেন, মরিশাসের হারানো প্রাকৃতিক পরিবেশ ফিরিয়ে আনা ও ক্ষয়ক্ষতির কারণ তদন্ত করে দেখার যথাসাধ্য চেষ্টা জাপান সরকার করবে। কোইজুমি প্রতিশ্রুতি দিয়েছেন যে দুর্ঘটনাস্থলে আরও বেশি বিশেষজ্ঞদের জাপান পাঠাবে। গত মাস থেকে জাপান তেল সরিয়ে ফেলা ও পরিবেশের ক্ষয়ক্ষতি নিরূপণ করতে তিনটি বিশেষজ্ঞ দল মরিশাসে পাঠায়।






