আমাদের দেশে যখন ফ্রিল্যান্স কাজের সুযোগ চালু হয়, তখন মার্কেটপ্লেস হিসেবে চাহিদার শীর্ষে ছিল oDesk, Elance এবং Freelancer. com। পরে oDesk এবং Elance এক হয়ে আপওয়ার্ক নামে কার্যক্রম শুরু করে। মার্কেটপ্লেসে কাজ পাওয়ার জন্য সাধারণত ক্লায়েন্টদের পোস্ট করা কাজ অন্যদের সঙ্গে বিড বা প্রতিযোগিতা করে সংগ্রহ হয়। তবে Fiverr মার্কেটপ্লেস গিগ বেজড মডেল নিয়ে কাজ করায় বিড না করেও নিজের তৈরি বিভিন্ন কাজ বা সেবা বিক্রি করার সুযোগ মিলে থাকে। আজ আমরা আপওয়ার্ক মার্কেটপ্লেসের বিভিন্ন তথ্য নিয়ে আলোচনা করব।বিজ্ঞাপন
দীর্ঘমেয়াদি কাজের সুযোগ থাকায় বেশির ভাগ ফ্রিল্যান্সারই আপওয়ার্ক মার্কেটপ্লেসে কাজ করতে স্বচ্ছন্দ বোধ করেন। অনেক ধরনের কাজের সুযোগের পাশাপাশি প্ল্যাটফর্মটিতে ঘণ্টাভিত্তিক বা নির্দিষ্ট অর্থের বিনিময়ে কাজের সুযোগ রয়েছে। বর্তমানে ফাইভারের আদলে প্রজেক্ট ক্যাটালগ সার্ভিসও চালু করেছে আপওয়ার্ক। ফলে নিজের তৈরি করা বিভিন্ন কাজ বা সেবা ক্লায়েন্টের কাছে সরাসরি বিক্রি করা যায় প্ল্যাটফর্মটিতে। ফলে ফ্রিল্যান্সারদের কাজের জন্য বিড করতে হয় না; বরং ক্লায়েন্টরাই ফ্রিল্যান্সারদের তৈরি করা সেবা কিনে থাকে। আপওয়ার্কে ক্লায়েন্টের অর্ডারের জন্য বসে না থেকে নিজেই নিজের দক্ষতা অনুযায়ী কাজ খুঁজে আবেদন করা যায়।






