বৃষ্টিদিনের সাজ

বিশেষজ্ঞরা প্রায়ই বলেন, মেকআপ হতে হয় ত্বকের ধরন বুঝে। পানিরোধী মেকআপের এমন কোনো শর্ত আছে কি? জানার জন্য কথা বলেছিলাম পারসোনার পরিচালক নুজহাত খানের সঙ্গে। জানালেন, অসংখ্য ফাউন্ডেশন, মাসকারা, কাজল, লিপস্টিক বাজারে পাবেন। সবই ওয়াটারপ্রুফ বা পানিরোধী। কিন্তু এই ওয়াটারপ্রুফ ফাউন্ডেশনটা তৈলাক্ত ত্বকের, ওইটা শুষ্ক ত্বকের জন্য, এমন বিভাজন এখনো খুব একটা চোখে পড়ে না। তাই ওয়াটারপ্রুফ মেকআপ করতে হলে আপনাকে নিজের ত্বকের ধরনটা বুঝতে হবে, সেই অনুযায়ী প্রসাধনী বেছে নিতে হবে। তৈলাক্ত ত্বকের জন্য হালকা এবং তেলমুক্ত প্রসাধনী বাছবেন। চকচকে ভাব কাটাতে চকচকে ভাব নেই এমন পানিরোধী বেইজ বা ফাউন্ডেশন বেছে নিতে হবে। যদি ত্বক খুব শুষ্ক হয়, তাহলে ক্রিমি ফর্মুলার ডিউয়ি বা সাটিন ফিনিশের পানিরোধী বেইজ মানানসই হবে। নুজহাত যোগ করলেন, যাঁদের ব্রণের সমস্যা আছে, তাঁরা অবশ্যই ত্বক বিশেষজ্ঞ বা ডারমোটোলজি টেস্টেড লেখা দেখে পানিরোধী মেকআপ সামগ্রী কিনবেন।

LEAVE A REPLY