বৃটেনে করোনা আক্রান্ত মনে করে পরীক্ষার : অর্ধেক আক্রান্ত নন: গবেষণা

করোনা ভাইরাস (কোভিড-১৯) উপসর্গে ভোগা অর্ধেক বৃটিশই আদতে ভাইরাসটিতে আক্রান্ত নন। নতুন এক গবেষণায় এ তথ্য বেরিয়ে এসেছে। এতে বলা হয়েছে, জ্বর বা কাশির মতো উপসর্গে ভোগা ব্যক্তিরা করোনায় আক্রান্ত নাও হতে পারে। করোনার বিভিন্ন উপসর্গে ভোগার কারণে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে গেছেন-এমনটা ভাবা ১০০০ ব্যক্তির ওপর চালানো এক গবেষণায় এমনটাই দেখা গেছে। এ গবেষণা চালিয়েছে পাবলিক হেলথ ইংল্যান্ড (পিএইচই)। এ খবর দিয়েছে দ্য ডেইলি মেইল।

পিএইচইকে উদ্ধৃত করে দ্য মেইল জানায়, গবেষণাটিতে অংশ নেওয়া ৪৯ শতাংশ মানুষের অ্যান্টিবডি পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। অর্থাৎ, তাদের রক্তে ভাইরাসটি মোকাবিলার কোনো প্রমাণ পাওয়া যায়নি। অবশ্য, কেবল অ্যান্টিবডি পরীক্ষার মাধ্যমেও কেউ আক্রান্ত হয়েছিলেন কিনা তা পুরোপুরি নিশ্চিত করে বলা সম্ভব নয়।

রক্তের পাশাপাশি টি-সেলের মতো দেহের রোগ প্রতিরোধ ক্ষমতার অন্যান্য অংশও ভাইরাস মোকাবিলা করে থাকে। কিন্তু পরীক্ষায় তা ধরা পড়ে না। যদিও বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই ভাইরাস মোকাবিলা করতে দেহে অ্যান্টিবডি সৃষ্টি হয়ে থাকে। কিন্তু সময়ের সঙ্গে সে অ্যান্টিবডির পরিমাণ কমে যায়। তাই দেরিতে পরীক্ষা করা হলে অনেকের ক্ষেত্রে ওই অ্যান্টিবডির উপস্থিতি ধরা নাও পড়তে পারে।
তবে সকল দিক বিবেচনা সত্বেও গবেষকদের ধারণা, বৃটেনে নিজেকে করোনা আক্রান্ত মনে করে পরীক্ষার জন্য আবেদনকারী অর্ধেক জনসংখ্যাই ভাইরাসটিতে আক্রান্ত থাকেন না। গ্রীষ্মের সময়ে চালানো এই গবেষণা আগামী শীতে বৃটেনের করোনা পরীক্ষা পরিস্থিতি আরো প্রকট হওয়ার ইঙ্গিত দিচ্ছে। সাধারণত শীতে বৃটেনজুড়ে বহু মানুষ করনা-সদৃশ উপসর্গে ভুগেন। জ্বর, কাশি, সর্দি শীতকালের নিত্যদিনের ঘটনা। কিন্তু চলতি বছর করোনা মহামারির মধ্যে এসব উপসর্গ ভিন্ন প্রভাব ফেলবে। মানুষজন বেশি করে পরীক্ষা করতে চাইবে। পরীক্ষা ব্যবস্থার ওপর চাপ বেড়ে যাবে কয়েক গুণ।