বৃটিশ পার্লামেন্টে মানবাধিকার লঙ্ঘনকারীদের উপর নিষেধাজ্ঞা বিল উত্থাপন করা হবে-বৃটিশ মন্ত্রী

লন্ডনে মানবাধিকার বিষয়ক সেমিনারে একজন ব্রিটিশ মন্ত্রী বলেছেন , বিভিন্ন দেশে মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত সরকারি-বেসরকারি ব্যক্তিদের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। এব্যাপারে “হিউম্যান রাইটস নিষেধাজ্ঞা” নামের একটি নতুন বিষয় বৃটেনের আইনে অন্তর্ভুক্ত করা হবে। পার্লামেন্টের আগামী আইন প্রণয়ন সেশনে এই বিল উত্থাপন করা হবে।

ব্রিটিশ বাংলাদেশী কমিউনিটি অ্যালায়েন্সের উদ্যোগে ১০ মার্চ, মঙ্গলবার হাউজ অব কমন্সের কমিটি রুমে এই সেমিনার আয়োজন করা হয়। দক্ষিণ এশিয়ায় উগ্র জাতীয়তাবাদের উত্থান এবং মানবাধিকার লংঘন এই শিরোনামে কনজারভেটিভ পার্টির এমপি ক্রিস্টিয়ান ওয়্যাকফর্ড এর সভাপতিত্বে সংগঠনের প্রধান উপদেষ্টা বার্ণলীর সাবেক কাউন্সিলর মোজাক্কির আলীর পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন, সেক্রেটারি ফয়জুন নূর । সংগঠনের প্রেসিডেন্ট আফজাল জামি সৈয়দ-আলী সেমিনারের থিম পেপার উপস্থাপন করে বলেন, মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো আকস্মিকভাবে ঘটেনা। সামাজিক কাঠামো এবং রাজনৈতিক ব্যবস্থায় এগুলোর অনুমোদন করার জন্য একটি দীর্ঘ প্রক্রিয়া অনুসরণ করে। মানবাধিকার লঙ্ঘনের পরিস্থিতি গুলো প্রস্তুত করা হয়। উগ্র জাতীয়তাবাদের উত্থানের সময় রাষ্ট্রকাঠামোকে এ কাজে ব্যবহার করা হয় এবং তার প্রধান উদাহরণ হল বিচারব্যবস্থার অপব্যবহার।