বিশ্ব জিডিপিতে বাংলাদেশের অংশ দশমিক ৩৪%

বাংলাদেশ ও ভারতের অর্থনীতি নিয়ে খুব আলোচনা হচ্ছে। মাথাপিছু মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ভারতকে ছাড়িয়ে যাচ্ছে বলে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) অনুমান নিয়েই এই আলোচনা। ভারত বড় অর্থনীতির দেশ। সে তুলনায় বাংলাদেশের অর্থনীতির আকার বেশ ছোট। তারপরও বড় অর্থনীতির একটি দেশকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা অনেকের মধ্যেই বেশ কৌতূহলের জন্ম দিয়েছে।

বিশ্ব অর্থনীতিতে অবশ্য ভারত একটি বড় অর্থনীতির দেশ হিসেবেই পরিচিত। সে তুলনায় বাংলাদেশ অনেক পেছনে। যেমন বিশ্বের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ভারতের অংশ হচ্ছে ৩ দশমিক ২৮ শতাংশ। দেশটির মোট জিডিপি ২ দশমিক ৮৮ ট্রিলিয়ন ডলার। এক ট্রিলিয়ন হচ্ছে এক হাজার বিলিয়ন। আর এক বিলিয়ন ১০০ কোটি। অন্যদিকে বাংলাদেশের জিডিপি দশমিক ৩ ট্রিলিয়ন ডলার। আর বিশ্বের মোট জিডিপিতে বাংলাদেশের অংশ দশমিক ৩৪ শতাংশ। এই হিসাব ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী।