বিরুদ্ধ মত দমন করতেই ধরপাকড় মোদির?

হুট করেই ভারতজুড়ে ‘মাওবাদী মাওবাদী’ রব উঠেছে। কোপ পড়েছে বুদ্ধিজীবী, মানবাধিকারকর্মী এবং ক্ষুদ্র জাতিসত্তা ও দলিতদের অধিকার নিয়ে কাজ করা ব্যক্তিদের ওপর। গড়বড় করলেই গায়ে পড়ছে মাওবাদী সিল, পোরা হচ্ছে জেলে। শুধু তা-ই নয়, গ্রেপ্তার করা হচ্ছে সন্ত্রাসবাদবিরোধী আইনে, যাতে কারাবাস দীর্ঘায়িত করা যায়। কারণ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এখন প্রয়োজন ‘জি হুজুর’ বলে মুখে ফেনা তোলা পোষা বিড়াল। কোনো বিরোধিতা সহ্য করবেন না তিনি।

ভারতের পাঁচটি শহরে গত মঙ্গলবার অভিযান চালিয়েছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে পাঁচ বিশিষ্ট ব্যক্তিকে। তাঁরা হলেন কবি ও লেখক ভারভারা রাও, সমাজকর্মী ভারনন গনজালভেজ, আইনজীবী সুধা ভরদ্বাজ, মানবাধিকারকর্মী ও আইনজীবী অরুণ ফেরেইরা এবং সাবেক সাংবাদিক ও মানবাধিকারকর্মী গৌতম নওয়ালাখা। পুলিশ অবশ্য খুঁজছিল ১০ জনকে। পুলিশের দাবি, এসব ব্যক্তি নাকি একটি ‘বিশাল ষড়যন্ত্রে’ যুক্ত। এর মধ্যে ভারভারা রাওয়ের বিরুদ্ধে আনা হয়েছে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার ষড়যন্ত্র করার অভিযোগ। তবে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা আদতে ষড়যন্ত্র করছিলেন কি না, সেটি এখনো পরিষ্কার নয়। এ বিষয়ে পুলিশ স্পষ্ট করে কিছু বলছে না। শুধু বলছে, তাঁরা দোষী!

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের ওপর সাত দিন নজরদারি করার পরই গ্রেপ্তার অভিযান চালিয়েছে পুলিশ। পুনে সরকার জানিয়েছে, ‘নতুন প্রমাণ’ হাতে পাওয়ার পরই অ্যাকশনে পুলিশ। আর পুলিশ বলছে, ‘নতুন প্রমাণ’ বলতে কিছু নেই!

LEAVE A REPLY