বিনিয়োগসক্ষমতা বাড়ল ব্যাংকের

শেয়ারবাজারে ব্যাংকের বিনিয়োগ সক্ষমতা অনেক বাড়ানো হয়েছে। নীতিমালা শিথিল করে পুঁজিবাজারে ব্যাংকগুলোর বিনিয়োগ বাড়ানোর সুযোগ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বৃহস্পতিবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারসহ বিভিন্ন অংশীজনের মতামতের ভিত্তিতে নীতিমালা শিথিলের সিদ্ধান্ত হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, এখন থেকে শেয়ারবাজারে তালিকাভুক্ত নয় এমন সিকিউরিটিজে ব্যাংকের বিনিয়োগকে পুঁজিবাজারে ব্যাংকের মোট বিনিয়োগ হিসাবায়নে ধরা হবে না। কোনো ব্যাংক তালিকাভুক্ত নয় এমন কোনো কোম্পানিতে মূলধন বিনিয়োগ করলে এখন থেকে তা আর ওই ব্যাংকের পুঁজিবাজারে বিনিয়োগ হিসাবে ধরা হবে না। এ ছাড়া অরূপান্তরযোগ্য ক্রমবর্ধমান প্রেফারেন্স শেয়ার, অরূপান্তরযোগ্য বন্ড, ডিবেঞ্চার ও বেমেয়াদি মিউচুয়াল ফান্ডে ব্যাংকের বিনিয়োগকে এখন থেকে ব্যাংকের পুঁজিবাজারে বিনিয়োগ হিসাবের বাইরে রাখা হবে। নতুন এ নির্দেশনা গতকালই দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY