সরকারের বাধার মুখে সীমান্ত দিয়ে বিরোধী দলের বিদেশি সাহায্য আনা নিয়ে ভেনেজুয়েলায় ভয়াবহ সংঘর্ষ হয়েছে। বিক্ষোভকারীদের রুখতে সেনাসদস্যরা রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেছেন। সাহায্য আনা ঠেকাতে ভেনেজুয়েলার সীমান্তগুলো আংশিকভাবে বন্ধ করে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরো।
আজ রোববার বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, বিদেশি সাহায্য আনার পেছনে রয়েছেন ভেনেজুয়েলার বিরোধী দলের নেতা হুয়ান গুয়াইদো। গত মাসে তিনি নিজেকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন এবং খাদ্য, ওষুধসহ বিদেশি সাহায্য দেশে আনবেন বলে হুমকি দেন। স্বেচ্ছাসেবকদের সহায়তায় এই বিদেশি সাহায্য গতকাল দেশটিতে আনার চেষ্টা করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে হুয়ান গুয়াইদো সরকারি বাধার মুখে তাঁর সমর্থকেরা বিদেশি সাহায্য এনেছে বলে দাবি করেন। তিনি এটিকে বীরোচিত কাজ হিসেবে চিহ্নিত করেন।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো বলেছেন, ভেনেজুয়েলায় বিদেশি সাহায্য আনায় জড়িত থাকার কারণে তিনি কলাম্বিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছেন।






