নতুন আরেকটি ভাষা শিখতে চান? ভাবছেন বয়সটা একটু বেশি হয়ে গেল? তাহলে আপনার জন্য সুখবর নিয়ে এসেছেন ইসরায়েলের একদল গবেষক। শিশু বয়সই ভাষা শেখার জন্য উপযুক্ত সময়, এমন চিরাচরিত ধারণা ভেঙে দিয়েছে ওই গবেষক দল।
প্রায় দুই হাজার শিক্ষার্থীর ওপর করা গবেষণায় তাঁরা দেখেছেন, বিদেশি ভাষা শেখার জন্য উপযুক্ত সময় হলো প্রাপ্ত বয়স।
তিনটি দলে ভাগ করে—প্রথম দলে ৮, দ্বিতীয় দলে ১২ বছর এবং তৃতীয় দলে তরুণ প্রাপ্তবয়স্কদের রেখে বিভিন্নভাবে পরীক্ষা চালান তাঁরা। গবেষকেরা দেখেন, দ্বিতীয় ভাষা শেখায় প্রথম ও দ্বিতীয় দল অপেক্ষা ভালো করেছে তৃতীয় দল, একই সঙ্গে দ্বিতীয় দলও প্রথম দলের থেকে ভালো করেছে।
এ বিষয়ে এডিনবরা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞানের অধ্যাপক আন্তোনিলা সোরেস বলেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সবকিছু শেষ হয়ে যায় এমন ধারণা ঠিক নয়। আন্তোনিলা সোরেস বলেন, ‘নিয়ম বুঝে ভাষা শেখার ক্ষেত্রে শিশুরা খুব খারাপ করে। কারণ, এ সময় তাদের মনোযোগ ও স্মরণশক্তির ওপর নিজেদের কোনো নিয়ন্ত্রণ থাকে না। এ জন্য তরুণেরা ভালো করেন। তাই বয়স বাড়লেও অনেক কাজে ভালো করার সুযোগ থাকে।’
ইসরায়েলের ওই গবেষকেরা বলেন, বয়স বাড়ার সঙ্গে মানুষের সমস্যা সমাধানের কৌশলও উন্নত হয়, নিজের ও বিশ্ব সম্পর্কে অভিজ্ঞতা তৈরি হয়। ফলে, নতুন তথ্য ধারণের ক্ষমতাও বেড়ে যায়।






