চ্যানেল আই ভবনের চেতনা চত্বর আজ সেজেছে লাল-সবুজের রঙে। বর্ণিল মঞ্চ, তোরণ আর ফেস্টুনে সুসজ্জিত মেলা প্রাঙ্গণ। বিজয় দিবস উপলক্ষে সোমবার চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ‘চ্যানেল আই বিজয় মেলা ২০১৯’। সেখানে মিলিত হয়েছিলেন সব শ্রেণি-পেশার বীর মুক্তিযোদ্ধারা। মেলায় এসে তাঁরা খুঁজে পান হারানো স্মৃতি, মিলিত হন বিজয়ের প্রাণের উচ্ছ্বাসে।
বেলা ১১টা ৫ মিনিটে ‘আমি বাংলাদেশ’ স্লোগানে জাঁকজমকপূর্ণ এ মেলার উদ্বোধন করেন অতিথিরা। এ সময় উপস্থিত ছিলেন বরেণ্য শিল্পী আজাদ রহমান, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের তিমির নন্দী, কাদেরী কিবরিয়া, ফকির আলমগীর, শাহীন সামাদ, স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য সাইদুর রহমান প্যাটেল, খেতাবধারী মুক্তিযোদ্ধা, বিদেশি পর্যটক, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ইমপ্রেস গ্রুপ ও চ্যানেল আই পরিচালনা পর্ষদের সদস্য মুকিত মজুমদার বাবু, জহির উদ্দিন মাহমুদ, গ্রামীণফোনের হেড অব অপারেশন্স সাজ্জাদ হাসিব ও হেড অব কমিউনিকেশন্স খায়রুল বাশার, আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারোয়ার, ঐক্য স্টোরের জান্নাতুল ফেরদৌসী তিথিসহ সুশীল সমাজের প্রতিনিধি এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। লাল-সবুজের বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন অতিথিরা।
উদ্বোধনীতে ইমপ্রেস গ্রুপের পরিচালক এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু বলেন, ‘আমাদের সবার ক্ষমতার সাথে যদি একটু মমতা মিশিয়ে দেশটাকে ভালোবাসি, আমার বাংলাদেশ, আমি বাংলাদেশ তাহলেই সার্থক হবে।’






