ঢাকার সামারফিল্ড ইন্টারন্যাশনাল স্কুলের নবম শ্রেণির ছাত্র স্বর্গকল্পক ঋভু। তার ১৪তম জন্মদিন ছিল ১১ জুন। এবার মা-বাবার সঙ্গে একাকী জন্মদিন কাটাতে হবে, এমন প্রস্তুতি ছিল তার। তবে রাত ১২টায় ঘটল চমক। ঋভুর বন্ধু এহসান জন্মদিনের কেক বানিয়ে ভিডিও সম্মেলন করার সফটওয়্যার জুমে মিটিং ডাকল। যার যার বাড়ি থেকে ঋভুর সঙ্গে যোগ দিল আরও তিন বন্ধু আরিক, তাহসান ও মুনাদ। এরপর বেশ খানিকক্ষণ ধরে চলল তাদের ভার্চ্যুয়াল কেক খাওয়া।
ঘটনার বর্ণনা করে ঋভুর মা ফেরদৌসী আবেদীন বললেন, ‘এহসান কেক কেটে মনিটরের সামনে একখণ্ড করে তুলে ধরছিল, আর অন্যরা হাঁ করে সেটা খাওয়ার ভঙ্গি করছিল।’
ঋভুর মা জানান, জন্মদিনের দিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক মেসেঞ্জারে গ্রুপ কলে ঋভুর সঙ্গে আড্ডায় মেতেছিল চাচাতো-ফুফাতো ভাইবোনেরাও। তার দুই বন্ধু বাড়িতে কেক পাঠিয়ে দিয়েছিল।
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব রক্ষার বিষয়টিকে গুরুত্ব দিয়ে সচেতন মানুষেরা পরিবারের সদস্য, বন্ধু, প্রতিবেশীর পাশে থাকছেন এভাবে ভিন্ন উপায়ে। দূরে থেকেও পাশে থাকছেন তাঁরা। সংক্রমণের শিকার হয়ে যাঁরা বিচ্ছিন্ন থাকতে বাধ্য হচ্ছেন, তাঁদের জানান দিচ্ছেন, ‘তোমরা বিচ্ছিন্ন থাকলেও একা নও’। এই ভাবনা দুই পক্ষের মধ্যেও সুখের উপলব্ধি দিচ্ছে।
গবেষকদের ভাষায়, মানুষের সুখ কিসে? প্রশ্ন সহজ হলেও উত্তর কঠিন। মানুষের সুখ নির্ভর করে ঘনিষ্ঠ সম্পর্কগুলোর সঙ্গে তাঁর সম্পর্ক বা যোগাযোগ রক্ষার ওপর। এটা হতে পারে প্রেম, পারিবারিক, বন্ধুত্বের সম্পর্ক বা সামাজিক সম্পৃক্ততা। এমনকি সুন্দর সম্পর্ক একাকিত্ব বোধ কাটিয়ে কারও অসুস্থতায় টনিকের কাজ করে। করোনাভাইরাস অতিমারি মানুষের পাশে থাকার এই সুখের বিষয়টি আরও বেশি উপলব্ধি করাচ্ছে।






