বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, সরকার জামায়াতে ইসলামীকে নিয়ে নানা কৌশল করছে, ষড়যন্ত্র করছে, যেন বিএনপি-জামায়াতের মধ্যে একটা ভুল–বোঝাবুঝি হয়। তিনি বলেন, সরকারের এই চেষ্টা নিষ্ফল হবে, বিএনপির নেতৃত্বাধীন জোট ছিল, আছে এবং থাকবে।
আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমদ এ কথা বলেন। মওদুদ অভিযোগ করেন, সরকার বিভিন্ন গণমাধ্যমে নানা ধরনের খবর দিয়ে বিএনপি ও জামায়াতের মধ্যে ভুল–বোঝাবুঝি সৃষ্টির চেষ্টা করে যাচ্ছে।
বাংলাদেশ ইয়ুথ ফোরাম নামে একটি সংগঠনের উদ্যোগে ‘প্রতিহিংসার রাজনীতি : গ্রহণযোগ্য নির্বাচন এবং জনগণের প্রত্যাশা’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করা হয়।
মূলত সিলেট সিটি করপোরেশনে বিএনপি ও জামায়াত পৃথক মেয়র প্রার্থী দেওয়ার পর থেকে এই দুই দলের বিভেদ প্রকাশ্যে আসে। গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশিত হয়।






