বিএনপিকে বিদেশিদের কাছে নালিশ করতে বলেছেন ওবায়দুল কাদের

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন বিএনপির প্রত্যাখ্যানের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলটিকে বিদেশিদের কাছে নালিশ করতে বলেছেন।

আজ বুধবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন-পরবর্তী এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটের ফলাফল প্রত্যাখ্যান করে নির্বাচন বাতিল চেয়ে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘নালিশ করতে বলুন বিদেশিদের কাছে। তাঁদের নালিশ গাজীপুরের লোক গ্রহণ করেনি। বাংলাদেশের জনগণ গ্রহণ করেনি।’

ওবায়দুল কাদের বলেন, দুর্ভাগ্যজনকভাবে বিএনপি তাদের সেই পুরোনো কৌশল—জিতলে আছি, হারলে নাই নীতি—থেকে বেরিয়ে আসতে পারেনি। তিনি বলেন, বিএনপি মহাসচিব ও অন্য নেতারা জনগণের রায়কে গ্রহণ না করে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে মিথ্যা ও বানোয়াট তথ্য উপস্থাপন করছেন। মন্ত্রী জানান, তিনি শুনেছেন, বিএনপি আদালতকে বলেছে গণশুনানি করার জন্য।

সেতুমন্ত্রী বলেন, ‘অচিরেই তারা বিদেশিদের কাছে ধরনা দেবে নালিশ করার জন্য। জনগণের কাছে সাড়া না পেয়ে বিএনপি বিদেশিদের দ্বারস্থ হবে। জনগণের প্রতি তাদের কোনো আস্থা নেই। গাজীপুরের রায়কে প্রত্যাখ্যান করে বিএনপি জনগণের প্রতি অসম্মান প্রদর্শন করেছে।’

LEAVE A REPLY