গাজীপুরের শ্রীপুরে একটি গামেন্টে বাথরুমে গেলেই ভূত আতঙ্কে সংজ্ঞা হারাচ্ছেন শ্রমিকরা। এই আতঙ্ক ছাড়াতে বিভিন্ন এলাকার কবিরাজ দিয়ে ঝাড় ফুক করাচ্ছেন গার্মেন্ট কর্তৃপক্ষ। শ্রীপুর পৌর এলাকার কেওয়া গ্রামের সিজি গার্মেন্টস কারখানায় গত চার দিন ধরে এমন ঘটনা ঘটছে। প্রতিদিন ৪/৫ জন করে শ্রমিক অসুস্থ হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানের ভেতর ঝাড়ফুক করা কবিরাজ জ্বীন হুজুর বাচ্চু মিয়া জানান, এই প্রতিষ্ঠানে জ্বীন ভর করেছে। চিকিৎসা করছি এবং বিভিন্ন মাজারে তবারক বিতরণ করা হচ্ছে। শিগগিরই ফলাফল পাওয়া যাবে। সিজি গার্মেন্টস কারখানার মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক সমর সিকদার জানান, ভূত আতঙ্কে ১৪জন শ্রমিক অসুস্থ হয়ে পড়ায় আতঙ্ক কাটাতে মিলাদ দেওয়া হচ্ছে। কারখানার চিকিৎসক জানান, শ্রমিকরা হিস্টোরিয়ায় (আতঙ্ক রোগ) আক্রান্ত হয়ে থাকতে পারে। এটি মানসিক রোগ। এতে অনেকেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছে। অনেকেই সাধারন চিকিৎসা শেষে কাজে যোগ দিয়েছে। ইন্ডাস্ট্রিয়াল পুলিশের উপ-পরিদর্শক জানান, আমরা গতকাল খবর পেয়ে ওই দিন থেকেই এখানে অবস্থান করছি। শনিবার থেকে এ পর্যন্ত ৫ জন অসুস্থ হয়েছে।






