বাজেটে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ ছিল শিক্ষা ও প্রযুক্তি খাতে

২০২৩-২৪ অর্থবছরে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়। এ বাজেটে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ ছিল শিক্ষা ও প্রযুক্তি খাতে—১ লাখ ৪ হাজার ১৩৯ কোটি টাকা। এটি মোট বাজেটের ১৩ দশমিক ৭ শতাংশ। এখান থেকে প্রযুক্তি খাত বাদ দিলে শিক্ষার বাজেট দাঁড়ায় ৮৮ হাজার ১৬২ কোটি টাকা, যা মোট বাজেটের ১১ দশমিক ৫৭ শতাংশ।

মোট দেশজ উৎপাদনের (জিডিপি) তুলনায় শিক্ষায় বরাদ্দ পাওয়া দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান নিচ থেকে দশম। বাংলাদেশের পেছনে আছে কেবল বারমুডা, হাইতি, মৌরিতানিয়া, কম্বোডিয়া, লাওস, মোনাকো, পাপুয়া নিউগিনি, সোমালিয়া ও দক্ষিণ সুদান। এসব দেশের বেশির ভাগই অতি দরিদ্র হিসেবে পরিচিত।

গত বছর বাজেট-পরবর্তী এক আলোচনায় সেন্টার ফর পলিসি ডায়ালগ দেখিয়েছিল, ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত জিডিপির শতাংশ হিসাবে বাংলাদেশে শিক্ষা খাতে গড় বরাদ্দ ছিল ৪১টি স্বল্পোন্নত দেশের মধ্যে নিচ থেকে পঞ্চম। এসব পরিসংখ্যান থেকে বোঝা যায়, টেকসই অর্থনীতি ও উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশে শিক্ষা খাতকে কোন চোখে দেখা হয়।