বাইডেনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন বৃটিশ প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর জো বাইডেনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। জো বাইডেনের সঙ্গে তার সম্পর্ক নিয়ে নানা রকম তথ্য মিডিয়ায়। বার্তা সংস্থা রয়টার্সকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন মালয় মেইল। এতে বলা হয়, জো বাইডেনের সঙ্গে কোনোদিনই সাক্ষাত হয়নি বরিস জনসনের। বিদায়ী প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প একবার জনসনকে আখ্যায়িত করেছিলেন ‘বৃটেনের ট্রাম্প’ হিসেবে। এ থেকে স্পষ্ট ট্রাম্পের সঙ্গে কতটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল জনসনের। কিন্তু এখন রাজনৈতিক ভাষ্যকাররা বলছেন, যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের সঙ্গে বিশেষ সম্পর্ক গড়ে তুলতে হলে, সেই সম্পর্ককে উন্নত করতে হলে, অনেক বেশি কাজ করতে হবে জনসনকে। সম্ভবত তার প্রেক্ষিতে মঙ্গলবার জনসন একটি বিবৃতি দিয়েছেন।