আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশ দশ নম্বরে। ওয়ানডেতে সাত, টেস্টে তারা নয়ে। টি-টোয়েন্টি সংস্করণে শেষ দশটি দ্বিপক্ষীয় সিরিজের মাঝে বাংলাদেশ জিতেছে মাত্র তিনটিতে। এর দুটিই এসেছে জিম্বাবুয়ের বিপক্ষে। আর যা-ই হোক, টি-টোয়েন্টিতে বাংলাদেশের পারফরম্যান্স কখনোই খুব উচ্ছ্বসিত হওয়ার মতো নয়। তবে বাংলাদেশের হেড কোচ রাসেল ডমিঙ্গো এ ব্যাপারে একমত নন, বাংলাদেশ টি-টোয়েন্টিতে ভালো দল নয়, এটি মোটেও মনে করেন না এই দক্ষিণ আফ্রিকান।
ডমিঙ্গো মনে করেন, বাংলাদেশ দলকে নিয়ে ক্রমাগত ‘নেতিবাচক’ লেখা পড়াটা হতাশার। তিনি দলকে নিয়ে ইতিবাচক সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছেন সংবাদমাধ্যমের প্রতি।






