ব্রিটেনের নতুন প্রজন্মকে বাংলাদেশের গ্রামীন খেলাধুলার সাথে পরিচয় করিয়ে দিতে বাংলাদেশ ক্রীড়া পরিষদ ইউকে আয়োজন করছে ক্রীড়া মেলা ২০১৯। আগামী ২১ জুলাই রবিবার চতুর্থ ক্রীড়া মেলা অনুষ্ঠিত হবে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন সংগঠনের সাধারন সম্পাদক, সাংবাদিক সাহিদুর রহমান সুহেল। বাংলাদেশ ক্রীড়া পরিষদ ইউকে এর সহ সভাপতি, বাংলা ভয়েস পত্রিকার সম্পাদক মারুফ আহমেদের সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারন সম্পাদক, সাংবাদিক সাহিদুর রহমান সুহেল। সোমবার সন্ধ্যা ৬টায় লন্ডন বাংলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয়, বিলেতে বাংলাদেশীদের ধারাাবহিক অবস্থান এখন তৃতীয়-চতুর্থ প্রজন্ম পর্যন্ত। শিকড়ের প্রতি টান, দেশ মাতৃকার প্রতি ভালবাসা অন্যান্য অনেক জাতি-গোষ্টি থেকে বাংলাদেশী বংশোদ্ভূতরা অনন্য। হাজার বছরের বাঙালীর ইতিহাস ঐতিহ্য সাংস্কৃতিক কর্মকান্ড-তৎপরতা প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত পৌঁছে দিতে বিলেতের প্রবাসীরা সেই সূচনাকাল থেকেই ছিলেন তৎপর, সচেতন ও সজাগ। আমরা সেই ধরাবাহিকতা রক্ষায়ই পুরানো দিনের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ড নিয়ে বার্মিংহামে আগামী ২১ জুলাই ২০১৯ দিনব্যাপী ক্রীড়ামেলার আয়োজন করেছি। এটি আমাদের চতুর্থ আয়োজন।






